
বিনোদন প্রতিবেদক : 2026-02-14
বর্ষার এক বিকেলে নীলক্ষেতের পুরনো বইয়ের দোকানে দুটি মানুষের পরিচয়কে কেন্দ্র করে নির্মিত হয়েছে নাটক ‘নীল রেইনকোট’। নাটকটি পরিচালনা করেছেন রুবেল আনুশ, গল্প লিখেছেন তানভীর হাসান। ভালোবাসা দিবসকে ঘিরে নির্মিত নাটকটি দেখা যাচ্ছে ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে। এই নাটকের মাধ্যমে প্রথমবার একসঙ্গে জুটি হয়ে কাজ করলেন তারা। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিশা রহমান, আনোয়ার, সিদ্ধার্থ, আব্রাহাম তামিমসহ অনেকে। আনুশ বলেন, ‘ভালোবাসা দিবসকে ঘিরেই নাটকটি নির্মাণ করেছি। নাওভি ও জিম প্রথমবার একসঙ্গে কাজ করলেও দুজনেই নিজেদের চরিত্রে বেশ মানানসই ছিল। আশা করছি দর্শকরা নাটকটি পছন্দ করবেন।’ পরিচালক আনুশ বলেন, নীল রেইনকোট পরা রবীন্দ্রনাথপ্রেমী তরুণ শুভ্রর সঙ্গে পরিচয় হয় অর্পিতার। চা, বই, বৃষ্টি আর কিছু সাধারণ কথার ভেতরেই তৈরি হয় এক নিঃশব্দ সম্পর্ক। বিদায়ের সময় শুভ্র প্রতিশ্রুতি দেয় ফিরলে সে আবার নীল রেইনকোট পরেই ফিরবে। অন্যদিকে, অর্পিতা থাকে ধানমন্ডির একটি পুরনো ফ্ল্যাটে। একা, নিয়মে বাঁধা ব্যাচেলর জীবনে প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে সে বারান্দায় দাঁড়িয়ে থাকে কোনো নির্দিষ্ট মানুষের জন্য নয়, বরং এক মুহূর্তের সম্ভাবনা আর সেই নীল রেইনকোটের অপেক্ষায়। শুভ্র আর অর্পিতার পুনরায় দেখা হয় কী না সেই গল্পে এগিয়ে যাবে নাটকটি। শুভ্র চরিত্রে অভিনয় করেছেন সাদ নাওভি এবং অর্পিতা চরিত্রে জিম।