
বিনোদন ডেস্ক : 2026-02-14
বিশ্বরাজনীতির অস্থিরতা, মানবাধিকার লঙ্ঘন ও মতপ্রকাশের স্বাধীনতার সংকটের প্রেক্ষাপটে শুরু হলো ৭৬তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ১৩ ফেব্রুয়ারি জাঁকজমকপূর্ণ উদ্বোধনের মধ্য দিয়ে পর্দা ওঠে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই চলচ্চিত্র উৎসবের, যা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। এবারের জুরিপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রখ্যাত জার্মান নির্মাতা উইম ওয়েন্ডারস। উৎসব পরিচালক ট্রিসিয়া টাটল এএফপিকে বলেন, মেরুকরণ ও দমন-পীড়নের এই সময়ে শিল্পের স্বাধীনতা রক্ষা করা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি। ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, বার্লিন রাজনৈতিক চলচ্চিত্রকে সমর্থন দিতে কখনও ভয় পায় না। এমন ছবিও এখানে স্থান পায়, যা বিতর্ক তৈরি করতে পারে কিংবা কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। তবে তার মতে, এবারের আয়োজন কেবল রাজনৈতিক চলচ্চিত্রেই সীমাবদ্ধ নয়; হরর, রোমান্টিক, থ্রিলার ও নানা নিরীক্ষাধর্মী ঘরানার ছবিও রয়েছে তালিকায়। এবারের উদ্বোধনী চলচ্চিত্র ‘নো গুড মেন’ নির্মাণ করেছেন ইরানে জন্ম নেয়া আফগান পরিচালক শাহরবানু সাদাত। ছবির কেন্দ্রীয় চরিত্র নারু আফগানিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের নারী চিত্রগ্রাহক, যিনি পুরুষদের প্রতি গভীর হতাশা ও অবিশ্বাস নিয়ে জীবনযাপন করেন। গল্প এগোয় এমন এক সময়ে, যখন
তালেবান পুনরায় ক্ষমতা দখলের পথে। এক সাংবাদিক সহকর্মীর সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পথে বেরিয়ে নারু নিজের বিশ্বাস ও অবস্থানকে নতুনভাবে প্রশ্ন করতে শুরু করেন। তালেবান ক্ষমতায় ফেরার পর শাহরবানু সাদাত নিজেও দেশ ছাড়তে বাধ্য হন। বর্তমানে তিনি জার্মানির হামবুর্গে বসবাস করছেন। ট্রিসিয়া টাটলের ভাষায়, শাহরবানু এই গল্প না বললে আফগান নারীদের বাস্তব অভিজ্ঞতা হয়তো বিশ্ববাসী জানতে পারত না। উদ্বোধনী অনুষ্ঠানে অস্কারজয়ী মালয়েশীয় অভিনেত্রী মিশেল ইয়োকে সম্মানসূচক স্বর্ণ ভালুক প্রদান করা হয়। এবারের বার্লিনালে ১০ দিনে প্রদর্শিত হবে ২০০ এর বেশি চলচ্চিত্র। সর্বোচ্চ সম্মান ‘স্বর্ণ ভালুক’ জয়ের জন্য প্রতিযোগিতা করছে ২২টি ছবি। উল্লেখযোগ্য বিষয় হলো, মূল প্রতিযোগিতা বিভাগে থাকা ২২টির মধ্যে ৯টি সিনেমাই নারী নির্মাতাদের। প্রতিযোগিতা বিভাগে আলোচনায় রয়েছে করিম আইনুজ পরিচালিত ‘রোজবুশ প্রুনিং’। পিতৃতান্ত্রিক পারিবারিক কাঠামোকে ব্যঙ্গ করে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন এল ফ্যানিং, ক্যালাম টার্নার ও পামেলা অ্যান্ডারসন।
স্বর্ণ ভালুকের দৌড়ে রয়েছে মার্কাস শ্লাইনজারের ‘রোজ’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন জার্মান অভিনেত্রী সান্দ্রা হুলার। সানড্যান্স চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার পাওয়া ‘জোসেপিন’ নিয়েও জোর আলোচনা চলছে। অনেক সমালোচক মনে করছেন, করনেল মুনড্রুসো পরিচালিত ‘অ্যাট দ্য সি’ চমক দেখাতে পারে। অ্যামি অ্যাডামস অভিনীত এই ছবির গল্প আবর্তিত হয়েছে পুনর্বাসন কেন্দ্র থেকে ফিরে আসা এক নারীর জীবনকে ঘিরে। এ ছাড়া ‘নাইটবর্ন’ ও ‘মাই ওয়াইফ ক্রাইজ’ও রয়েছে আলোচনায়। এখন দেখার বিষয় রাজনৈতিক ও মানবিক সংকটের এই সময়ে জুরিদের মন জয় করে কে উঠবে স্বর্ণ ভালুক হাতে।