
বিনোদন প্রতিবেদক : 2026-02-15
ভালোবাসা দিবসে প্রকাশিত হলো তৌফিক আহমেদ প্রিয়র কণ্ঠে নতুন গান ‘ভেজা কাক’। অটমনাল মুনের কথা, সুর ও সংগীতায়োজনে এএসএম তারেকের পরিচালনায় গানটির ভিডিওতে শিল্পীর সঙ্গে মডেল হয়েছেন নন্দিনী ঘোষ চন্দ্র। গানটি প্রযোজনা করেছেন নুসরাত আহমেদ বন্যা ও নিলুফার ইয়াসমিন চাঁদনি। ‘একা ভেজে কাক, ভিজে যাক, ভেজে মন আজ তবে থাক তোমার আর নেই প্রয়োজন’- এমন কথার গানটি প্রকাশিত হয়েছে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি প্রসঙ্গে প্রিয় বলেন, ‘এটি নিরেট একটি প্রেমের গান, প্রেমে যে অভিমান থাকে সে অভিমান মাখা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে এ গানে। মুন ভাই অনেক আগে থেকেই আমার জন্য একটি গানের পরিকল্পনা করছিলেন। গানটি যখন তিনি তৈরি করেন তখন আমাকে ভেবেই তৈরি করেন। যখন প্রথম তার কণ্ঠে গানটি শুনি আমি মুগ্ধ হয়ে যাই। তারপরই গানটি আমার কণ্ঠে ধারণ করি। আশা করি শ্রোতারাও গানটি পছন্দ করবেন। ভালোবাসায় ভরে উঠুক পৃথিবী। ’ প্রতি বছর নিয়মিত বিরতিতেই গান প্রকাশ করছেন এ শিল্পী। প্রিয় জানান, ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত ‘ভেজা কাক’ গানটি ছাড়াও এ বছর তার বেশ কিছু একক গান তৈরির প্রস্তুতি চলছে। প্রথম অ্যালবামটিও প্রকাশিত হবে এ বছর। শুধু সলো ট্র্যাক নয়, নিজের ব্যান্ড নিয়েও পথ চলছেন প্রিয়। ‘অনুরণ’ নামের এ ব্যান্ডটি ইতোমধ্যেই ত্রিশের বেশি স্টেজ পারফর্ম করেছে। প্রিয় জানান, স্টেজ শো চলমান থাকবে। পাশাপাশি ব্যান্ডের প্রথম গানটিও এ বছরই প্রকাশিত হতে যাচ্ছে।