
বিনোদন প্রতিবেদক : 2026-02-16
এই প্রজন্মের অভিনেত্রী ও উপস্থাপিকা আইশা খান। প্রায় পাঁচ মাস ধরে নতুন কোনো নাটকে অভিনয় করতে পারেননি তিনি। কারণ বাংলাদেশের সবচেয়ে বড় ফোক রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’র (মাছরাঙ্গা টিভিতে প্রচারিত) উপস্থাপনার কাজেই তাকে ব্যস্ত থাকতে হয়েছে। এরই মধ্যে ম্যাজিক বাউলিয়ানা; ও গ্র্যান্ড ফিনালে শেষ হলো। আবারো অভিনয়ে ফিরেছেন আইশা খান। আর এটাই তার ভক্ত-দর্শকের জন্য সুখবর। কারণ যারা তার অভিনয়ের ভক্ত তারা তার নতুন নাটকের জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এরই মধ্যে আইশা খান জানালেন, ‘ম্যাজিক বাউলিয়ানা’র উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকলেও এর আগে করা দুটি নাটক এরই মধ্যে প্রচারিত হয়েছে। প্রচারের অপেক্ষায় আছে নতুন তিনটি নাটক। নাটকগুলো হচ্ছে সাইদুর ইমনের ‘সে কী আসবেনা’, রাফাত মজমুদার রিংকুর ‘আমি একজন খুনী বলছি’ ও মোহন আহমেদ-এর ‘হৃদয়ে তুমি’। ‘আমি একজন খুনী বলছি’তে তার বিপরীতে আছেন জোভান। বাকী দুটি নাটকে আছেন ইয়াশ রোহান। নাটকগুলো যেহেতু ভালোবাসা দিবসে প্রচার হয়নি। আইশা খান আশা করছেন যে আগামী ঈদে নাটকগুলো প্রচারে আসবে। যেমন তিনি জানালেন আগামী ঈদে প্রচারে আসবে সম্প্রতি শেষ করা মিফতাহ আনানের ‘বাবুই পাখির বাসা’ ও সাগর জাহানের ‘সদা সত্য বলিব ’। আইশা খান বলেন, ‘বিগত প্রায় পাঁচ মাস আমি ম্যাজিক বাউলিয়ানা নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে নতুন নাটকে কাজ করার সুযোগ হয়নি। তবে তার আগে কাজ করা দুটো নাটক এরই মধ্যে প্রচারিত হয়েছে। তিনটি নাটক প্রচারের অপেক্ষায় আছে। হয়তো ঈদে নাটকগুলো প্রচারে আসবে। আবার আগামী ঈদের জন্যই এরই মধ্যে আরো দুটি নাটকে কাজ করেছি। এই দুটি নাটকেরই গল্প সুন্দর। আর সাগর জাহান ভাইয়ের নির্দেশনায় এর আগেও কাজ করেছি। তিনি এত ধরে ধরে কাজ করেন যে অভিনয়টা ভীষণ উপভোগ করি আমি। প্রচারের অপেক্ষায় থাকা প্রতিটি নাটক নিয়েই আসলে আমি আশাবাদী।’