
বিনোদন প্রতিবেদক : 2026-02-16
মডেল ও অভিনেতা ফররুখ আহমেদ রেহান। অভিষেকের পর থেকেই তিনি নিজেকে আলাদাভাবে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ২০২৫ সালেও একাধিক মানসম্মত গল্পনির্ভর নাটকে অভিনয় করে তিনি দর্শকের নজর কাড়েন। অল্প সময়ের মধ্যেই নিজের মেধা, পরিশ্রম, বিনয়ী আচরণ ও পর্দায় স্বতঃস্ফূর্ত উপস্থিতির কারণে নতুনদের মধ্যে আলোচনার শীর্ষে উঠে আসেন তিনি। সম্প্রতি তিনি নতুন করে আলোচনায় আসেন কোনাল ও নিলয়ের গাওয়া ‘ও জান’ গানের মিউজিক ভিডিওতে দুর্দান্ত উপস্থিতির মাধ্যমে। তানিম রহমান অংশুর নির্দেশনায় নির্মিত এই গানচিত্রে তাকে নায়কের মতো করেই উপস্থাপন করা হয়েছে। নেপালের মনোরম লোকেশনে ধারণ করা এই গানে তার ফ্যাশন, স্টাইল ও অভিব্যক্তি দর্শকদের মুগ্ধ করেছে। সহশিল্পী হিসেবে ছিলেন সুনেরাহ, যিনি বর্তমানে নাটক ‘এটা আমাদেরই গল্প’-এ অভিনয় করে প্রশংসিত হচ্ছেন। গানটির কথা লিখেছেন আসিফ ইকবাল, আর সুর ও সংগীত পরিচালনা করেছেন আভরাল সাহির ও লিংকন। নিজের প্রথম মিউজিক ভিডিও প্রসঙ্গে রেহান বলেন, তিনি প্রতিটি কাজ শতভাগ সততা ও মনোযোগ দিয়ে করার চেষ্টা করেন। নির্মাতার নির্দেশনা মেনেই নিজেকে উপস্থাপন করেছেন এবং প্রকাশের পর দর্শকের ইতিবাচক সাড়া তাকে আরও অনুপ্রাণিত করেছে। পুরো টিমের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। অভিনয়ে রেহানের একক নায়ক হিসেবে অভিষেক হয় মিজানুর রহমান আরিয়ানের ‘যুগল’ নাটকে, যেখানে তার বিপরীতে ছিলেন নাজনীন নীহার। এর আগে ভিকি জাহেদের ‘আরারাত’-এ অভিনয় করেন তিনি। পরবর্তীতে মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, সাফা কবির ও সুনেরাহর মতো জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন। বর্তমানে তিনি রায়হান রাফির ‘আন্ধার’ সিনেমায় অভিনয় করছেন, যদিও সিনেমা নিয়ে বিস্তারিত জানাতে আপাতত অপেক্ষা করতে হচ্ছে।
রেহানের স্বপ্ন ভালো একজন মানুষ হয়ে, নিজের অভিনয় দক্ষতা দিয়ে দীর্ঘদিন দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়া।