
বিনোদন প্রতিবেদক : 2026-02-17
ওটিটি অধ্যায়ে দুর্দান্ত সব চরিত্রের অভিনেতা মোস্তাফিজুর নূর ইমরান। প্রথমবারের মতো তিনি দাঁড়ালেন ক্যামেরার পেছনে। নামলেখালেন নির্মাতার খাতায়। তার নির্মাণে প্রথম অভিনেত্রী হিসেবে বেছে নিয়েছেন মৌসুমী হামিদকে। এই অভিনেতার প্রথম নির্মাণের নাম ‘জ্বীনের বাচ্চা’। আজ দিনগত রাত ১২টা থেকে কর্মটি চরকিতে মুক্তি পাবে। ‘জ্বীনের বাচ্চা’র কেন্দ্রীয় চরিত্রে আছেন মৌসুমী হামিদ, তার সঙ্গে রয়েছেন সরকার রওনক রিপন, আজাদ আবুল কালাম, অদ্রিজিৎ মণ্ডল, আনোয়ারুল হক, রিবন খন্দকার প্রমুখ। গল্পটি লিখেছেন স্বাক্ষর কু-ু দীপ এবং চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন রাজীব হোসেন। গল্পের দর্শন প্রসঙ্গে ইমরান বলেন, ‘এটি মূলত মাতৃত্বের গল্প। আমার বিশ্বাস এই জগতে হোক বা অন্য জগতে, মাতৃত্বের ভাষা একই। সেই সর্বজনীন অনুভূতিকেই আমি পর্দায় তুলে ধরতে চেয়েছি। পাশাপাশি সমাজের ভেতরে লুকিয়ে থাকা এক ধরনের অদৃশ্য অস্বস্তিকে রূপকভাবে উপস্থাপনের চেষ্টা করেছি এখানে।’ গ্রামীণ জীবনের চেনা গল্প মনে হলেও ‘জ্বীনের বাচ্চা’ সম্পূর্ণ ফিকশন। তবে এতে কিছুটা ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া রয়েছে বলে জানান নির্মাতা, যা বাস্তব ও অবাস্তবের সীমারেখাকে ইচ্ছাকৃতভাবে ঝাপসা করে দেয়। এর মধ্যে প্রকাশ পেয়েছে এর ট্রেলার, যা দর্শকদের কৌতূহল বাড়িয়েছে কয়েকগুণ। সেখানে দেখা যায়, মৌসুমী হামিদের চরিত্রটি বাকপ্রতিবন্ধী এবং নিঃসন্তান। এই দুই বাস্তবতা ঘিরেই তার দাম্পত্য ও পারিবারিক জীবনে তৈরি হয় অশান্তি। অভিনয় অভিজ্ঞতা জানাতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘কথা না বলে শুধু অভিব্যক্তির মাধ্যমে অভিনয় করা ভীষণ কঠিন। চরিত্রের প্রস্তুতির জন্য নির্মাতা আমাকে টানা তিনদিন সেটে কথা বলতে দেননি। সেই নীরবতার কষ্টই হয়তো চরিত্রে বাস্তব বেদনার ছাপ এনে দিয়েছে। তবে শেষ পর্যন্ত দর্শকরাই এর সঠিক মূল্যায়ন করবেন।’