
বিনোদন প্রতিবেদক : 2026-02-17
বাংলাদেশের এই প্রজন্মের সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক ইউসুফ আহমেদ খান। তার সুরে নতুন এক বিশেষ সংগীতপ্রয়াস শুরু হয়েছে। ইউসুফের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা, অনন্যা ও লাবণ্য। বসন্ত উপলক্ষে ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ইউসুফ ও প্রিয়াঙ্কা গোপের গাওয়া ‘সেদিন ফাগুনে’ গানটি। গত ১৫ ফেব্রুয়ারি ইউটিউবে প্রকাশের পর থেকেই গানটি ধীরে ধীরে সঙ্গীতপ্রেমীদের মন ছুঁয়ে যাচ্ছে। গানগুলোর কথা লিখেছেন প্রখ্যাত গীতিকার মকবুল আহমেদ খান এবং সংগীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। এই প্রজেক্টে পর্যায়ক্রমে প্রকাশ পাবে আরও কয়েকটি গান- ইউসুফ-সুকন্যার ‘তুমি জানোনা’, ইউসুফ-অনন্যার ‘এমন করে’, ইউসুফ-লাবণ্যের ‘আমায় পড়বে মনে’। পাশাপাশি পাঁচ শিল্পী একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘মন কাঁদে হায়’ শিরোনামের একটি গানে। প্রিয়াঙ্কা গোপ জানান, মকবুল আহমেদ খানের দুই মেয়ে লীনা আপা ও হাসিনা আপা তার কাছেই প্রথম আসেন তাদের বাবার লেখা গানগুলো নিয়ে কাজ করার বিষয়ে পরামর্শ নিতে। তখন তিনিই ইউসুফের নাম প্রস্তাব করেন, কারণ তার বিশ্বাস ছিল-এই গানগুলোর আবেগ ও গভীরতা যথাযথভাবে সুরায়িত করার সামর্থ্য ইউসুফেরই রয়েছে। ইউসুফ আহমেদ খান বলেন, চারজন শিল্পীকে নিয়ে এই প্রজেক্টটি তার স্বপ্নের কাজ। গীতিকার আমাদের মাঝে না থাকলেও তার অনুভূতি বেঁচে আছে গানের কথায়। প্রতিটি গান মন দিয়ে সুর করার চেষ্টা করেছেন তিনি। ধীরে ধীরে শ্রোতাদের কাছ থেকে সাড়া মিলছে বলেও জানান। লাবণ্যও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, গানটির কথা ও সুর এতটাই সুন্দর যে গাইতে গিয়ে মাঝে মাঝে নিজের কাছেই মনে হয়েছে আরও ভালোভাবে গাওয়া যেত। তবুও শতভাগ আন্তরিকতা ছিল তার। শিল্পীদের প্রত্যাশা, এই গানগুলো হয়তো প্রচলিত অর্থে ভিউয়ের দিক থেকে বিস্ফোরণ ঘটাবে না; কিন্তু প্রকৃত সংগীতপ্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়ে দীর্ঘদিন টিকে থাকবে।