
বিনোদন প্রতিবেদক : 2026-02-19
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, পরিচিত নাম হিরো আলম, জামিনে মুক্ত হওয়ার কয়েক মাস না যেতেই আবার গ্রেপ্তার হয়েছেন। এবার তার বিরুদ্ধে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাত বাধ্য করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
হিরো আলম আগে নিজ এলাকায় ভোট দিতে বগুড়া যাওয়ার ঘোষণা দিয়েছিলেন। থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, সেই অনুযায়ী হিরো আলম বগুড়ায় গেলে, বগুড়া সদর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তিনি বলেন, “আজ সকালে হিরো আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে একটি মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন। সেই মামলাতেই তাকে গ্রেপ্তার করা হলো।”
গত ১০ ফেব্রুয়ারি, বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক আনোয়ারুল হক মামলার শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলার এজাহার অনুযায়ী, হিরো আলম ‘নায়িকা বানানোর প্রলোভন দেখিয়ে’ সাদিয়া রহমান মিথিলাকে ধর্ষণ ও শারীরিকভাবে নির্যাতন করেন। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগও রয়েছে।
ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পিবিআই প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা নিশ্চিত করে। আদালত অভিযোগকে গুরুত্ব দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
হিরো আলম ১১ ফেব্রুয়ারি জানিয়েছেন, “আমি এলাকায় রওনা হয়েছি। রাতের মধ্যে পৌঁছে যাবো। মামলা তো ভুয়া। নির্বাচনের পর আদালতে উপস্থিত হবো। গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও ভোট দিতে যাবো, কারণ ভোট দেওয়া আমার নাগরিক অধিকার।”
গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক সাক্ষাৎকারে হিরো আলম আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া-৬ আসন ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছেন। এবারে তার ইচ্ছে জামায়াত অথবা এনসিপির মনোনয়ন চাইবেন।