
বিনোদন প্রতিবেদক : 2026-02-19
বরাবরের মতো এ রমজানেও বৈশাখী টিভিতে প্রচার হবে প্রতিদিনের ধারাবাহিক ‘রহমত’। পহেলা রমজান থেকে প্রতিদিন সন্ধ্যা ৬.২০ মিনিটে প্রচার হচ্ছে নাটকটি। আল আমিন স্বপনের রচনায়, মামুন আব্দুলাহর পরিচালনায়, লিটু সোলায়মানের ব্যবস্থাপনায় নাটকের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে আছেন বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পচিালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন।
বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ প্রযোজিত এ নাটকের সংগীত আয়োজনে আছেন নসরুল হক রনি ও রিফাত বিন কাউসার। চিত্রগ্রহণে কবিরুল ইসলাম ইমরান ও আবু তাহের, সম্পাদনায় দীপঙ্কর চৌধুরী। অভিনয় করেছেনÑ আব্দুলাহ্ রানা, মৌ শিখা, এম কে এইচ পামির, শেখ স্বপ্না, আশরাফুল আশীষ, মুসকান সিকদার, আলিফ চৌধুরী, ডিম্পল আহমেদ, নিপুন আহমেদ, অধরা নিহারিকা, সিদ্দিক মাস্টার, মনিরুজ্জামান মনি, হাসিমুন, শিশুশিল্পী রেহনুমা আরিবা, মাসুদ হারুন, আলমাস, ইমরান হোসেন হাসো, লেলিন মৃধা,
সাভা তাবাসসুম, শৈশব আমিরী, শাহজাহান শোভন, হাবিবুর রহমান প্রমুখ। পরিচালক মামুন আব্দুলাহ বলেন, ‘নাটকের মূল উদ্দেশ্য-পবিত্র রমজানে কোরান-হাদিসের আলোকে মানুষকে সচেতন করা, যাবতীয় অন্যায় থেকে দূরে রাখা, ভালো ভালো কাজের প্রতি উৎসাহিত করা।’ নাটকের গল্প নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, মফস্বল শহরের একটি গ্রাম সুন্দরগঞ্জ। এ গ্রামেই পরিবার পরিজন নিয়ে বাস করেন আলী মাস্টার। সারাজীবন হাইস্কুলে শিক্ষকতা করেছেন। তিন বছর আগে অবসর নিয়েছেন। তিন সন্তানের মধ্যে বড় মেয়ে তিতলি স্বামীসহ এই বাড়িতেই থাকে। একমাত্র ছেলে মিঠু এবং ছোট মেয়ে তিশাও এ বাড়িতে থাকে। রমজান মাস। সেহরি খাবার টেবিলে আলী মাস্টার দুটি ঘোষণা দেন- ‘এক, আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় যেন কোনো রান্না না করা হয়; দুই, পুরো রমজান মাসেই তিনি সেহরি এবং ইফতারের সময় একজন করে মেহমান নিয়ে আসবেন। মেহমান বলতে গরিব-দুঃখী মানুষকে বুঝিয়েছেন তিনি। এই বিষয়ে কেউ কোনো আপত্তি তুলতে পারবে না।’