
বিনোদন ডেস্ক : 2026-02-19
ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আবারও রুপালি পর্দায় জুটি বাঁধছেন বলিউড অভিনেতা রোহিত রায়ের সঙ্গে। দীর্ঘ বিরতির পর তাদের নতুন ছবি জয়িতা বর্তমানে কলকাতায় শুটিং পর্যায়ে রয়েছে। ছবিতে নামভূমিকায় ‘জয়িতা’ চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার বিপরীতে ‘শুভেন্দু’ চরিত্রে দেখা যাবে রোহিত রায়কে। মানবিক মূল্যবোধ ও সম্পর্কের টানাপড়েনকে কেন্দ্র করে নির্মিত গল্পে শুভেন্দুর একাকীত্ব গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। জীবনের নানা সমস্যায় জর্জরিত শুভেন্দুর দেখাশোনার দায়িত্ব পান জয়িতা। ধীরে ধীরে তিনি উপলব্ধি করেন, শুভেন্দুর মূল সংকট শারীরিক নয়, বরং গভীর একাকীত্ব। সেই একাকীত্ব থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াই ছবির কাহিনীর মূল ভিত্তি। রোহিত রায়ের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ঋতুপর্ণা জানান, এর আগে তারা তিনটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। অন্যদিকে কলকাতায় শুটিং প্রসঙ্গে রোহিত রায় বলেন, শহরটির প্রতি তার আলাদা টান রয়েছে। ছবিটি পরিচালনা করছেন জিৎ দত্ত। এর আগে তার পরিচালিত পটাদার কীর্তি ছবিতে অভিনয় করেছিলেন ঋতুপর্ণা। সেই ছবির প্রযোজনা করেছিল ঋতুপর্ণার প্রযোজনা প্রতিষ্ঠান ভাবনা আজ ও কাল। এবার ‘জয়িতা’ ছবিতে তিনি উপস্থাপক হিসেবেও যুক্ত রয়েছেন।