
বিনোদন ডেস্ক : 2026-02-24
তামিল চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা রজনীকান্তের নাম উঠলে এরপরই আরেকজনের নাম সিনেমাপ্রেমীদের মনে আসবেই। তিনি হলেন সুপারস্টার কমল হাসান। এই দুই মহাতারকা দশকের পর দশক ধরে ভারতের রুপালি পর্দায় দর্শকদের মাতিয়ে আসছেন। বুড়ো হয়ে গেলেও এখনো তাদের নিয়ে দর্শকের উন্মাদনা যেন এতটুকু কমেনি। মাঝে দীর্ঘদিন দুজনকে এক সিনেমায় দেখা না গেলেও এবার সেই আক্ষেপই ঘোচাতে চলেছেন পরিচালক নেলসন দীলিপ কুমার। চার দশকের বেশি সময় পর এবার রজনীকান্ত ও কমল হাসানকে একসঙ্গে করে বড় পর্দায় ফিরছেন এই নির্মাতা, যা ভারতীয় সিনেমার জন্য নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। ২০২৩ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত অভিনীত ব্যবসাসফল ছবি ‘জেলার’-এর নির্মাতা তিনি। নেলসনের নতুন এই প্রজেক্টের প্রাথমিক পর্যায়ে নাম রাখা হয়েছে ‘কেএইচ অ্যান্ড আরকে’। নামের মধ্যেই স্পষ্ট- এটি দুই তারকার সমান উপস্থিতির গল্প। সম্প্রতি প্রকাশিত প্রোমোতেই যার ইঙ্গিত মিলেছে। রসিকতা, খুনসুটি আর স্টাইলের মিশেলে তৈরি প্রোমোতে দেখা যায়- স্টাইলিশ লুকে পাশাপাশি হাঁটছেন রজনীকান্ত ও কমল হাসান। তারা এগিয়ে যান একটি গ্যারেজের দিকে, তারপর একই গাড়িতে বসেন। পেছনের সিটে বসে আছেন পরিচালক নেলসন ও সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর। রজনীকান্ত ও কমল হাসানকে একত্রিত করার বিষয়টি ছবির প্রযোজনা প্রতিষ্ঠান রেড জায়ান্ট মুভিজও এক বিবৃতিতে নিশ্চিত করেছে। প্রোমো প্রকাশ ও প্রযোজনা প্রতিষ্ঠানের বিবৃতির পর থেকেই আসন্ন এ ছবিটি ঘিরে সামাজিক মাধ্যমে ভক্তরা ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করছেন।