
সংবাদ অনলাইন রিপোর্ট : 2026-02-24
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে ছড়িয়ে পড়া একটি খবর নিয়ে গত কয়েকদিন ধরে শোবিজ অঙ্গনে বেশ আলোচনা চলছে।
প্রকাশিত ওই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদগুলোতে দাবি করা হয়েছিলো, গত বছরের আগস্টে বিদেশ থেকে ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেহজাবীনকে আটক করা হয় এবং তার লাগেজ থেকে ১৪ বোতল মদ উদ্ধার করার অভিযোগ উঠে। তবে বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন এই অভিনেত্রী।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে মেহজাবীন এই ঘটনাকে পুরোপুরি ভিত্তিহীন এবং মানহানিকর বলে দাবি করেছেন। তিনি জানান, তাকে উদ্দেশ্য করে যে ধরনের প্রচার চালানো হচ্ছে, তার কোনো সত্যতা নেই।
মেহজাবীন স্পষ্ট করে বলেন যে, উল্লিখিত সময়ে বা অন্য কোনো সময়ে বিমানবন্দরে তাকে কখনোই থামানো হয়নি এবং তার কোনো লাগেজ বা হ্যান্ডব্যাগও আটক করা হয়নি। ফলে ব্যাগ থেকে অবৈধ কিছু পাওয়ার প্রশ্নই ওঠে না।
এই অভিনেত্রী আরও জানান, তাকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে এমন মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে যা তার সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করছে।
তিনি ইতোমধ্যে এই অপপ্রচারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন বলে নিশ্চিত করেছেন। একই সঙ্গে ভক্ত ও দর্শকদের অনুরোধ জানিয়েছেন যেন কেউ যাচাই না করে কোনো বিভ্রান্তিকর তথ্যে কান না দেন।
উল্লেখ্য, ছড়িয়ে পড়া ওই সংবাদগুলোতে বলা হয়েছিল ঘটনার সময় মেহজাবীনের সঙ্গে তার স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্তও ছিলেন। তবে মেহজাবীনের এই জোরালো প্রতিবাদ ও আইনি পদক্ষেপের ঘোষণার পর বিষয়টি নতুন মোড় নিয়েছে। ভক্তরা সামাজিক মাধ্যমে এই অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।