
বিনোদন প্রতিবেদক : 2026-03-06
এই সময়ে সমসাময়িক কালের আলোচিত অভিনেত্রীদের মধ্যে দীপা খন্দকার অন্যতম। তিনি বিশেষত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফুফু চরিত্রে অভিনয় করে আলোচনায় রয়েছেন। দীপা শুধু নাটকেই নয়, সিনেমা, ওয়েব ফিল্ম ও ওয়েব সিরিজেও অভিনয় করছেন। আগামী ঈদে দীপা ‘হৈ চৈ’ প্ল্যাটফর্মে ‘একসাথে আলাদা’ নামক ওয়েব ফিল্মে একজন আর্মি অফিসারের স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন, যেখানে তার বিপরীতে আছেন কিংবদন্তী অভিনেতা তারিক আনাম খান। এছাড়া, ঈদে দীপাকে চয়নিকা চৌধুরীর ‘ভালোবাসার অন্য নাম তুমি’, সকাল আহমেদ’র ‘শেকড়’, মুরাদ পারভেজ’র ‘শেষের গল্পের পরের গল্প’, জাকারিয়া শৌখিনের ‘আপনজন’সহ আরও বেশ কয়েকটি নাটকে দেখা যাবে। দীপা বলেন, ‘একসঙ্গে আলাদা ওয়েব ফিল্মটির গল্প খুবই সুন্দর।
শ্রদ্ধেয় তারিক আনাম খান ভাইয়ের বিপরীতে অভিনয় করার অভিজ্ঞতা দুর্দান্ত ছিল। এছাড়া অন্যান্য নাটকগুলোর গল্পও সুন্দর এবং ঈদের জন্য দর্শকরা খুব পছন্দ করবেন।’ এর আগে, দীপা খন্দকার ‘রুমি’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন, যা ‘হৈ চৈ’ প্ল্যাটফর্মে প্রচারিত হয়েছিল। এছাড়া, চরকি প্ল্যাটফর্মের ‘ঘুম পরী’ ওয়েব ফিল্মেও দর্শকপ্রিয় হয়েছেন তিনি। দীপা সম্প্রতি বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’ সিনেমা শেষ করেছেন। গত বছর, তিনি মুরাদ পারভেজ পরিচালিত ‘শেষের গল্প’ ও কে এম সোহাগ রানা পরিচালিত ‘অনুতপ্ত’ নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন। এছাড়া, দীপা খন্দকার সম্প্রতি ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক সিলভার জুবিলি অ্যাওয়ার্ড ২০২৫’ অনুষ্ঠানে ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকে ফাতেমা চরিত্রে অভিনয়ের জন্য সম্মাননায় ভূষিত হয়েছেন। এবার ঈদে দীপা খন্দকার বিভিন্ন ধরনের চরিত্রে ভক্ত দর্শকদের জন্য আসছেন।