
বিনোদন প্রতিবেদক : 2026-03-09
গাজী মাজহারুল আনোয়ার এক অসামান্য প্রতিভার স্বাক্ষর। তিনি বাংলা চলচ্চিত্রের কালজয়ী গীতিকার, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক। বিশ হাজারেও বেশি গানের রচয়িতা তিনি। তার স্মৃতি ও কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ঈদে বিটিভিতে প্রচারের উদ্দেশ্যে গত ৬ মার্চ রাতে ধারণ করা হয়েছে এক বিশেষ সংগীতানুষ্ঠান। যার নাম রাখা হয়েছে ‘এই মন তোমাকে দিলাম’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তরিকুজ্জহামান মিলন। পরিকল্পনায় পিয়াল হাসান। অনুষ্ঠানে গল্প ও আড্ডার ফাঁকে ফাঁকে গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে শ্রোতাপ্রিয় গায়িকা ও উপস্থাপিকা দিঠি আনোয়ারের উপস্থাপনায় একে একে সংগীত পরিবেশন করেছেন রিজিয়া পারভীন (আয়রে মেঘ আয়রে), আঁখি আলমগীর (ইশারায় শীষ দিয়ে আমাকে ডেকো না), পিয়াল হাসান (জানতাম যদি শুভঙ্করের ফাঁকি), রাশেদ (চোখ ফেরানো যায়গো তবুও মন ফেরানো যায় না), সাব্বির জামান (পিচঢালা এই পথটারে ভালোবেসেছি), স্বরলিপি (চিঠি দিও প্রতিদিন), সুস্মিতা (ও আমার রসিয়া বন্ধুরে), নদী (সটুতো কাটা ঘুড়ি) এবং দিঠি (এই মন তোমাকে দিলাম)। দিঠি জানান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী ও গাজী মাজহারুল আনোয়ারের ছেলে শরফরাজ আনোয়ার উপল। এদিকে আগামী ৯ মার্চ দিঠির জন্মদিন। তার আগেই দেশে ফিরেছেন তিনি। অনুষ্ঠানটি প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে গত ৫ মার্চ আমি দেশে ফিরি। দেশে ফেরার আগেই এই আয়োজন নিয়ে পরিকল্পনা হয়। যেহেতু অনুষ্ঠানের নাম এই মন তোমাকে দিলাম, তাই অনুষ্ঠানের একদম শেষপর্যায়ে আমি শ্রদ্ধেয় ফখরুল হাসান বৈরাগী পরিচালিত ‘মানসী’ সিনেমায় আব্বুর লেখা ও আনোয়ার পারভেজ আঙ্কেলের সুর করা সাবিনা ইয়াসমিন আন্টির গাওয়া ‘এই মন তোমাকে দিলাম’ গানটি পরিবেশন করি। সব মিলিয়ে আশা করছি অনুষ্ঠানটি দর্শকের ভীষণ ভালো লাগবে। ধন্যবাদ ও কৃতজ্ঞতা বিটিভি কর্তৃপক্ষকে সুন্দর এই আয়োজন প্রযোজনা করার জন্য।’