
বিনোদন প্রতিবেদক : 2026-03-09
প্রয়াত বিশিষ্ট কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের গল্পে এবার চ্যানেল আই-এর দর্শকদের জন্য নির্মিত হয়েছে নাটক ‘সখিনা’। এর নাটরূপ ও নির্দেশনা দিয়েছেন আবুল হায়াত। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মৌসুমী মৌ, আবুল হায়াত প্রমুখ। সখিনার ভাগ্যটা ছোটবেলা থেকেই বিরূপ। প্রথমেই হারালো মাকে আর বিমাতার আগমনে বাড়ল দুর্ভোগ। বছর দশেক বয়স। চুলো থেকে গরম পানির হাঁড়ি নামাতে গিয়ে নিজের গায়ে ফেলে দেয়। প্রাণে বাঁচলেও পেটে ক্ষত চিহ্ন স্থায়ী হয়ে পড়ে। নাম হয়ে যায় পেটপোড়া। এখন তার বিয়ের বয়স হয়েছে কিন্তু পেটপোড়ার কারণে বাবাও তার জন্য একটা বর জোগার করতে ব্যর্থ। ইয়াকুব পাশের গায়ের ছেলে। ইন্টার পাস করলেও বেকার। আর্থিক দৈন্যতা প্রকট। মামার আশ্রয়ে বাস করে। সেখান থেকে এক সময়ে বিতারিত। আরবে যেতে চায় তাতেও প্রচুর খরচ। একটি রেস্টুরেন্টে বয়ের কাজ নেয়। কিন্তু মন চায় না এ কাজ করতে। সমাধান হয় ইয়াছিন নামের এক মানুষের সহায়তায়। পরিচয় হয় সখিনার বাবার সঙ্গে। বিদেশ যাওয়ার খরচ পেয়ে যায় সখিনার বাবার কাছ থেকে। বিনিময়ে পেটপোড়া সাখিনাকে বিয়ে করতে হবে...?। প্রচার হবে ঈদুল ফিতরের দিন রাত ৭টা ৫০ মিনিটে।