
বিনোদন প্রতিবেদক : 2026-03-10
বিশ্ব নারী দিবসকে সামনে রেখে নারীদের ক্ষমতায়ন ও অনুপ্রেরণার উদ্দেশে আয়োজন করা হয় ‘সাহস আর সমর্থন নিয়ে সময় এখন এগিয়ে যাবার’ শিরোনামের অনুষ্ঠান। আয়োজন করে নারীদের জন্য কাজ করা সংগঠন ‘মন জানালা’, আহ্বান দেন সংগঠনের প্রতিষ্ঠাতা মৌসুমী মৌ। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর, নৃত্যশিল্পী ও মডেল সাদিয়া ইসলাম মৌ, এবং চিত্রনায়িকা ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। দেশের বিভিন্ন ক্ষেত্রে নিযুক্ত দেড় শতাধিক নারী উদ্যোক্তা, পেশাজীবী, শিক্ষক ও কমিউনিটি নেত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ডলি জহুর বলেন, ‘আমি হতাশায় বিশ্বাসী নই। আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজ ও দেশের জন্য।’ সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘নারীরাই নারীর প্রতিযোগী। কাজের মাধ্যমে প্রমাণ করাই সঠিক পথ।’ জান্নাতুল ফেরদৌস ঐশী বলেন, ‘প্রত্যেকের জীবনেই কিছু না কিছু ট্রমা আছে, তা আমাদের থামাতে পারবে না।’ উপস্থাপক মৌসুমী মৌ যোগ করেন, ‘নারীর মানসিক মুক্তি সবার আগে দরকার, যা অর্থনৈতিক স্বাধীনতার পথ খুলবে।’ অনুষ্ঠানে নারী উন্নয়নে অবদানের জন্য ৫ জনকে ‘সিটি ব্যাংক মন জানালা আলোকিত নারী সম্মাননা ২০২৬’ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- নাবেগাহ্ দোরদানা, জাহেদা খানম, বদরুন্নেছা সরকার, লায়ন ইয়াসমিন শাহাদাত ও কানিজ ফাতেমা।