ভোগান্তিতে দুই পাড়ের কয়েক হাজার মানুষ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের জামতলাপাড়া থেকে কচুয়ারপাড়া-মাদাইখাল সংযোগ সড়কে অবস্থিত ডুবুরীরখাল সেতুটি দীর্ঘ ১৭ বছর ধরে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। পুনর্নির্মাণ না হওয়ায় দুই পাড়ের কয়েক হাজার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন।
সরকারি উদ্যোগের অভাবে গ্রামবাসী ও জনপ্রতিনিধিদের সহায়তায় ভাঙা সেতুর ওপর কাঠের পাটাতন বসিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করা হয়। তবে দীর্ঘদিন সংস্কার না করায় পাটাতনটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, একটি টেকসই নতুন সেতু নির্মাণের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের অর্থায়নে একই স্থানে পর্যায়ক্রমে দুটি সেতু নির্মাণ করা হয়েছিল। স্বল্প বাজেট ও নিম্নমানের কাজের কারণে নির্মাণের দুই থেকে তিন বছরের মধ্যেই বন্যার তীব্র স্রোতে সেতু দুটি ডুবে যায়। সর্বশেষ ২০০৬ সালে নির্মিত সেতুটি ২০০৮ সালের বন্যায় বিধ্বস্ত হওয়ার পর আর পুনর্নির্মাণ করা হয়নি। ফলে বর্ষা ও বন্যার সময়ে এলাকাবাসীকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।
এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী হাসেম আলী বলেন, “সেতুটি দিয়ে ঠিকমতো হাঁটাও সম্ভব নয়। অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে হলে কয়েক কিলোমিটার ঘুরপথে যেতে হয়। ঝুঁকিপূর্ণ পাটাতনের ওপর দিয়ে অটোরিকশা চলাচল করতে পারে না। ফলে কাঁচামাল, সার ও ধান-চাল পরিবহনে চরম সমস্যায় পড়তে হয়।”
কৃষক রমেশ চন্দ্র বলেন, “আমরা এমন অবস্থায় আছি যে প্রয়োজনীয় মালামাল পরিবহন করা যায় না। বন্যার সময় কাঠের পাটাতনটি খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। অনেক শিক্ষার্থী কষ্ট করে এই পাটাতন পেরিয়ে স্কুলে যায়। একটি নতুন সেতু নির্মাণ হলে আমাদের দুর্ভোগ অনেকটাই কমবে।”
এ বিষয়ে ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি বলেন, “ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০০৬ সালে সেতুটি নির্মাণ করা হয়েছিল। নিম্নমানের কাজের কারণে বন্যায় তা ভেঙে পড়ে। এখানে একটি গার্ডার সেতু নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে।”
স্থানীয়দের দাবি, ধসে পড়া সেতুটি দ্রুত পুনর্নির্মাণ করা হলে জামতলাপাড়া ও কচুয়ারপাড়া এলাকার কয়েক হাজার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কর্মকাণ্ড সচল থাকবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।
আন্তর্জাতিক: খামেনির স্ত্রীও মারা গেলেন
অর্থ-বাণিজ্য: হরমুজ প্রণালি বন্ধ করায় বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
অর্থ-বাণিজ্য: পরপর তিন দিন বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: সূচকের উত্থানে লেনদেন ৭৭৯ কোটি টাকা