তৃতীয় লিঙ্গসহ তিনজনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ

সংবাদ অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করে চাঁদাবাজির মামলায় এক তৃতীয় লিঙ্গসহ তিন আসামিকে কারাফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত। আসামিদের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারী ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন এ আদেশ দেন। তিন আসামি হলেন মৌসুমি, তার স্বামী ইমরান হোসেন ও অধরা।

প্রসিকিউশন পুলিশের এসআই মো. মারুফুজ্জামান এ তথ্য জানান। মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার এসআই উত্তম কুমার মিত্র তিন আসামিকে আদালতে হাজির করে ৫ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন।

বাদীপক্ষের আইনজীবী মো.ইশতিয়াক হোসেন জিপু রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে মো. সাইফুল আনোয়ার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

শুনানি নিয়ে আদালত রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাদের একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ মোহাম্মদ ছায়ফুল ইসলাম নামে এক শিক্ষার্থী গত ২ ফেব্রুয়ারি মুগদা থানায় এ মামলা করেন। মামলায় তিনি বলেন, গত ২০ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তিনি কমলাপুর ফুটব্রিজ দিয়ে বাসায় ফেরার পথে অধরা সাহায্য চান। এরপর কয়েকজন তাকে তুলে নিয়ে মানিকনগর স্টেডিয়ামের পাশের একটি ভবনে আটকে রাখে। ছায়ফুলের অভিযোগ, তার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এরপর তার ওপর চাপ সৃষ্টি করে প্রায় ৩৫ হাজার টাকা হাতিয়ে নেয়। শেষে মানিকনগর লেকপাড়ে নিয়ে তাকে ছেড়ে দিয়ে আসে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি