image

নওগাঁয় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০ বোমা উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

নওগাঁর বদলগাছী উপজেলায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি বোমা উদ্ধার করা হয়েছে। বুধবার, (১১ ফেব্রুয়ারী ২০২৬) সকালে উপজেলার ঝাড়ঘড়িয়া গ্রামের আক্কেলপুর সড়কের পাশ থেকে বোমাগুলো উদ্ধার করা হয় বলে বদলগাছী থানার ওসি লুৎফর রহমান জানান।

পুলিশ জানায়, সড়কের পাশে একটি সাদা বস্তা পড়ে থাকতে দেখেন টহলরত র‌্যাব সদস্যরা তল্লাশি করে। পরে সেখান থেকে চারটি পেট্রোল বোমা, ছয়টি হাতবোমা এবং হাতবোমা তৈরির ৪০০ গ্রাম রাসায়ানিক উদ্ধার করা হয়। এর পাশেই রয়েছে ঝাড়ঘড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র।

তাৎক্ষণিকভাবে বোম ডিসপোজাল ইউনিট বোমাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে নিষক্রিয় করে। এতে বড় ধরনের নাশকতা এড়ানো গেছে বলে জানান ওসি। তিনি বলেন, ‘কারা, কী উদ্দেশ্যে এসব বোমা রেখেছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

স্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ‘এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কালকে ভোট, আজকে বোমা উদ্ধার। ভোটকেন্দ্রে যেতে ভয় কাজ করছে।’ ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি লুৎফর রহমান।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা শহরতলী থেকে ককটেল উদ্ধার

সম্প্রতি