আজ থেকে আগামী শনিবার পর্যন্ত বাংলাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার,(২৪ ফেব্রুয়ারী ২০২৬) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যেটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ দুর্বল হয়ে যাবে। এর প্রভাবে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর পাঁচ দিনের আবহাওয়া পূর্বাভাস জানিয়েছে। এতে অধিদপ্তর বলছে, মঙ্গলবার সকাল থেকে পরের ২৪ ঘণ্টা, অর্থাৎ আজ সকাল পর্যন্ত সারাদেশের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দেশের পশ্চিমাঞ্চলের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যান্য অংশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। আজ সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পরে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শুক্রবার রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং শনিবার রাতের ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘দক্ষিণ-পশ্চিম ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির প্রভাব আমাদের ভূখ-ে পড়ার তেমন সম্ভাবনা নেই। তবে পাঁচটি বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’ বসন্তের শুরুতে পশ্চিমা লঘুচাপের প্রভাবেই গরম কিছুটা বেশি অনুভূত হচ্ছে।
বাংলাদেশে ঐতিহ্যগত ও সাংস্কৃতিকভাবে ছয়টি ঋতু বিবেচনা করা হলেও আবহাওয়াগতভাবে ঋতু চারটি।
চলতি মাসের শেষ সপ্তাহে এসে তাপমাত্রা কিছুটা বাড়লেও এখনও আবহাওয়াগতভাবে গ্রীষ্ম শুরু হয়নি বলে জানায় আবহাওয়া দপ্তর।
পূর্বাভাসে জানানো হয়, ‘এখনও পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে। দক্ষিণ-পশ্চিম দিক থেকে কিছু অনিয়মিত বায়ু প্রবাহ লক্ষ্য করা গেলেও এদিক থেকে বায়ুপ্রবাহ পুরোপুরি শুরু না হওয়ায় আবহাওয়বিদ্যার ভাষায় বলা যাচ্ছে না যে গ্রীষ্মকাল শুরু হয়েছে।’
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর কুড়িগ্রামের রাজারহাট ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় থার্মোমিটারের পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছিল।
অর্থ-বাণিজ্য: বিশ্ববাজারে তেলের দাম সাত মাসের মধ্যে সর্বোচ্চ
অর্থ-বাণিজ্য: বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫ বিলিয়ন ডলার ছাড়ালো
সারাদেশ: বাঁচার আকুতি গৃহবধূ মুন্নির