দেশবরেণ্য রাজনীতিবিদ, ডাকসুর প্রথম ভিপি, সাবেক সংসদ সদস্য, সম্পাদক মরহুম আহমদুল কবিরের (মনু মিয়া) ১০৪তম জন্মদিন ফুলেল শ্রদ্ধা আর ভালোবাসায় পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে পবিত্র কোরআন খতম করা হয়। বেলা ১১টায় সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সংবাদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান মরহুমের ছেলে সংবাদের সম্পাদক আলতামাশ কবির।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান, মনু মিয়া স্মৃতি সংসদের মো. নুরুল ইসলাম, পাঁচদোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মনির হোসেন, পলাশ উপজেলা প্রেসক্লাবের এস কে দেবনাথ সমীর প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী লোকমান হোসেন, ঘোড়াশাল পৌরসভার কাউন্সিলর নুরুল ইসলাম, সাংবাদিক কার্তিক চ্যাটার্জী, আহমদুল কবির মনু মিয়া স্মৃতি সংসদের বিজয় বণিক, হিরালাল করসহ বিশিষ্টজনরা।
বেলা ১২টায় মরহুমের জন্মদিনের কেক কাটেন ড. আবদুল মঈন খান। এতিম শিশুদের কেক খাওয়ানো হয়। পরে এলাকার শতাধিক মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়। দুপুর দেড়টার দিকে এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়। মরহুমের মেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নিহাদ কবির সবার সঙ্গে কুশল বিনিময় করেন। বাদ আসর এলাকার বিভিন্ন মসজিদে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক: ফের ভূমিকম্প, এবার কাঁপল সীমান্ত
আন্তর্জাতিক: রহস্যময় কুখ্যাত চরিত্র জেফরি এপস্টেইন