image

বাসের ধাক্কায় অটোরিকশা চুরমার, নিহত ২

সংবাদ অনলাইন রিপোর্ট

হবিগঞ্জে বাসের ধাক্কায় স্কুল শিক্ষিকাসহ একটি অটোরিকশার দুইজন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) বিকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ধুলিয়াখাল আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া খাতুন (৪৫) ও সদর উপজেলার শরীফপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে সাইফুল ইসলাম (২৮)। সাইফুল বাহুবল উপজেলার মিরপুর আলীফ সুবহান কলেজের ছাত্র।

আহতরা হলেন হবিগঞ্জ শহরের শায়েস্তানগরের জামাল মিয়ার স্ত্রী আছমা খাতুন (৩০), ওয়াহিদুর রহমানের স্ত্রী মারিয়া খাতুন (৩০) ও মেয়ে আরিয়া আক্তার (৩), চুনারুঘাট উপজেলার দেওন্দির প্রয়াত দেবানন্দ দাশের ছেলে চন্দন কুমার দাশ (৫০)।

আহতদের মধ্যে তিন জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে; শিশু আরিয়া আক্তারকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই)সাইদুর রহমান জানান, হবিগঞ্জ শহর থেকে একটি যাত্রীবাহী বাস শ্রীমঙ্গল যাচ্ছিল। পথে আমতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রোকেয়া খাতুন মারা যান। স্থানীয় লোকজন আহত ৪ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠালে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

এদিকে এক প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ জানান, অটোরিকশাটি হবিগঞ্জ যাচ্ছিল। এ সময় অপর একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বাসের মুখোমুখি হয়। এতে সিএনজি অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে।

‘সারাদেশ’ : আরও খবর

» বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ৩৫ জন আহত, ২০ বসতবাড়ি ভাঙচুর

» ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনে ৫টিতে বিএনপি ও জোট, ১টিতে স্বতন্ত্র জয়ী

» কুমিল্লার ৮টি আসনেই বিএনপির চমক

সম্প্রতি