ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গত বুধবার ভোররাতে এক নারীর দিকে লাঠি হাতে তেড়ে যাওয়া ও হেনস্তা করার ঘটনায় “সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড়” চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণের নাম মো. রাকিব। চাঞ্চল্যকর তথ্য হলো, রাকিব গাজীপুরের একটি আলোচিত হত্যা মামলার প্রধান আসামি। তবে দীর্ঘদিন ধরে মামলার আসামি হলেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত রাকিব গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকার আবদুর রহিমের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার সহপাঠীদের কাছে তিনি আহমেদ রাকিব নামে পরিচিত। শুধু রাকিবই নন, তার যমজ ভাই মো. সাকিবও একই হত্যা মামলার আসামি। গত বছরের সেপ্টেম্বর মাসে মামলা হওয়ার পর থেকে তারা পলাতক থাকলেও রাজধানী ও আশপাশের এলাকায় তাদের প্রকাশ্যে চলাফেরা করতে দেখা গেছে।
ঘটনার সূত্রপাত হয় বুধবার ভোররাতে, যখন পুরান ঢাকায় সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে আসা দুই নারীকে হেনস্তা করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাকিব লাঠি হাতে এক নারীর দিকে “তেড়ে যাচ্ছেন” এবং ভুক্তভোগী নারী “কাঁদছেন”। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর কালিয়াকৈরের সফিপুরে সাব্বির হোসেন নামে এক তরুণকে কুপিয়ে ১০ তলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার ঘটনা ঘটে। রাকিব ও সাকিব দুই ভাই এই মামলার অন্যতম আসামি।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার দিন সাব্বিরকে সঙ্গে নিয়ে তারা বাড়ির ছাদে যান এবং পরে সেখান থেকে সাব্বিরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকেই রাকিব ও তার ভাই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান।
মামলার বাদী ও নিহতের বড় ভাই মহিউদ্দিন আবির ক্ষোভ প্রকাশ করে জানান, মামলাটি বর্তমানে গাজীপুর ডিবি পুলিশ তদন্ত করছে। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি না হওয়ায় তারা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।
এমনকি ঢাবি ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডেও রাকিবকে দেখা গেছে বলে জানান তিনি। পুলিশকে তথ্য দেওয়ার পরেও আসামিদের গ্রেপ্তারে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে বাদীর অভিযোগ।
প্রকাশ্যে একজন হত্যা মামলার আসামির ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘোরাফেরা এবং সাধারণ মানুষের ওপর আক্রমণাত্মক আচরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। আদালত থেকে পরোয়ানা জারি হওয়া সাপেক্ষে আসামিকে গ্রেফতারে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত রাকিবকে আইনের আওতায় আনতে ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে বলেও জানানো হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, মামলাটি তদন্ত করেছে ডিবি পুলিশ, তাই তাকে গ্রেফতার করার দায়িত্বও তাদের। আদালত থেকে যদি ওয়ারেন্ট ইস্যু হয়, তবে তাকে গ্রেফতারের দায়িত্ব আমাদের।
এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত উল্লাহ বলেন, দেশের নানান পরিস্থিতিতে তাকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়নি। তবে এখন আসামিদের গ্রেফতার করতে অভিযান চালানো হবে।
অপরাধ ও দুর্নীতি: লাঠি হাতে ভাইরাল রাকিব আসলে পলাতক খুনি
সারাদেশ: গজারিয়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড