কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াতের প্রথমবার শ্রদ্ধা
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো রাজধানী ঢাকা।
শনিবার রাত ১২টা ১০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক প্রথা ভেঙে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। নবনির্বাচিত সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় বিরোধী জোটের শীর্ষ নেতারা এই মুহূর্তে উপস্থিত ছিলেন।
অতীতে দলটির পক্ষ থেকে এভাবে পুষ্পস্তবক অর্পণের নজির না থাকলেও, এবারের একুশ যেন দেশের রাজনৈতিক পটপরিবর্তনের এক নতুন প্রতিফলন হয়ে দাঁড়িয়েছে।
শহীদ মিনারের পবিত্র বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি ডা. শফিকুর রহমানসহ জোটের সংসদ সদস্যরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রচলিত রীতির বাইরে এক ভিন্নমাত্রার যোগ করে তারা সেখানেই হাত তুলে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এই সময় ডা. শফিকুর রহমানের সাথে ছিলেন সংসদের বিরোধীদলের চিফ হুইপ ও ছাত্রনেতা নাহিদ ইসলাম এবং সংসদ সদস্য হাসনাত ও এটিএম আজহারসহ জোটের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক: মার্কিন নীতির ‘নাটকীয়তায়’ বিশ্ব বাণিজ্যে ঝড়