রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) আয়োজিত গণ-ইফতার কর্মসূচি ঘিরে অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ চত্বরে অনুষ্ঠিত এ আয়োজনে বহু শিক্ষার্থী ইফতারের প্যাকেট না পেয়ে ফিরে যান বলে জানা গেছে।
আয়োজকদের দাবি, প্রায় ১৬ হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছিল। তবে সরেজমিনে দেখা যায়, ইফতারের সময় ঘনিয়ে এলে খাবার বিতরণে বিশৃঙ্খলা তৈরি হয়। অনেকেই অভিযোগ করেন, টোকেন থাকা সত্ত্বেও তারা নির্ধারিত সময়ে প্যাকেট পাননি।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা আসর নামাজের পর থেকেই অনুষ্ঠানস্থলে জড়ো হতে থাকেন। ছেলেদের জন্য কেন্দ্রীয় মসজিদ এলাকা এবং মেয়েদের জন্য কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ইফতারের ব্যবস্থা রাখা হয়। তবে টোকেন যাচাইয়ে শিথিলতা থাকায় বহিরাগতদেরও প্যাকেট সংগ্রহ করতে দেখা গেছে বলে অভিযোগ ওঠে। এতে প্রকৃত শিক্ষার্থীদের একটি অংশ খাবার থেকে বঞ্চিত হন।
খাবার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন ফিশারিজ বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী। তিনি বলেন, বড় আয়োজনের ঘোষণা দিয়ে যদি সবার জন্য ব্যবস্থা নিশ্চিত করা না যায়, তবে সেটি দুঃখজনক। একইভাবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থী জানান, আজানের আগে পর্যন্ত অপেক্ষা করেও শেষ মুহূর্তে জানতে পারেন খাবার শেষ হয়ে গেছে।
অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যবস্থার কথা জানানো হলেও নির্ধারিত স্থানে পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ছিলেন বলে অভিযোগ করেন নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থী।
রাকসু সূত্রে জানা গেছে, আয়োজনে একাধিক গরু ও উল্লেখযোগ্য পরিমাণ মুরগির মাংসের ব্যবস্থা ছিল। তবে অতিরিক্ত ভিড় ও টোকেন ব্যবস্থাপনায় ত্রুটির কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার বলেন, টোকেনের তুলনায় বেশি খাবারের প্রস্তুতি রাখা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে টোকেন ছাড়া অনেকে খাবার নিতে আসায় বিতরণে জটিলতা তৈরি হয়। এতে কিছু শিক্ষার্থী ইফতার না পেয়ে ফিরে গেছেন। তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে ক্ষমা চান।
ঘটনাটি বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। শিক্ষার্থীদের একাংশ ভবিষ্যতে এমন আয়োজনের ক্ষেত্রে পরিকল্পনা ও তদারকি জোরদারের দাবি জানিয়েছেন।
আন্তর্জাতিক: খামেনি হত্যাকাণ্ডে কী বললেন পুতিন
সারাদেশ: সাটুরিয়ায় ৪০ খামারির মাঝে ভেড়া বিতরণ