image

ভারতীয় পণ্যে ট্রাম্পের অতিরিক্ত ২৫% শুল্ক প্রত্যাহার

সংবাদ অনলাইন রিপোর্ট

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির জেরে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত দুই দেশের ঐতিহাসিক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) এই নির্বাহী আদেশ জারি করা হয়।

ট্রাম্পের সই করা এই আদেশে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘ভারত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ‘। বিনিময়ে ভারতীয় রপ্তানিকারকদের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প।

চুক্তির মূল শর্তাবলি

হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, এই চুক্তির ফলে ওয়াশিংটন ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে এই শুল্ক হ্রাস প্রক্রিয়াটি ধাপে ধাপে কার্যকর করা হবে। শুক্রবার সই হওয়া নির্বাহী আদেশের ফলে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্তটি স্থানীয় সময় আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে কার্যকর হচ্ছে।

আদেশে আরও উল্লেখ করা হয়:

ভারত এখন থেকে রাশিয়ার বদলে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি পণ্য কিনবে। আগামী ১০ বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে নয়াদিল্লি। ভারত আগামী ৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে মোট ৫০ হাজার কোটি ডলারের জ্বালানি, উড়োজাহাজ, প্রযুক্তিপণ্য, মূল্যবান ধাতু ও কয়লা আমদানির পরিকল্পনা করছে।

মোদি-ট্রাম্পের ‘বন্ধুত্ব ও বাণিজ্যিক সুফল

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা থাকলেও ভারত এতদিন সস্তায় রুশ তেল কিনে আসছিল। এ নিয়ে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে দীর্ঘ কয়েক মাস কূটনৈতিক উত্তেজনা চলছিল। ট্রাম্পের দাবি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত আলোচনার মাধ্যমে রুশ তেল কেনা বন্ধের এই নিশ্চয়তা দিয়েছেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত পৃথক বিবৃতিতে ভারতের নির্দিষ্ট কিছু উড়োজাহাজ ও যন্ত্রাংশের ওপর থেকেও শুল্ক তুলে নেওয়ার কথা জানানো হয়েছে।

গত বছরের শেষ দিকে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্কের হার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত পৌঁছেছিল। বর্তমান সিদ্ধান্তের ফলে ভারতের রপ্তানি খাতে স্বস্তি ফিরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন,‘১৮ শতাংশ শুল্কহারের কারণে ভারতীয় রপ্তানিকারকেরা এই অঞ্চলের অন্যান্য দেশের তুলনায় বিশেষ সুবিধা পাবেন। কারণ দক্ষিণ এশিয়ার প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে যুক্তরাষ্ট্রে বর্তমানে ১৯ থেকে ২০ শতাংশ হারে শুল্ক দিতে হচ্ছে।’

এই পদক্ষেপকে ট্রাম্প ও মোদির ব্যক্তিগত এবং রাজনৈতিক সম্পর্কের বিজয় হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প ইতিপূর্বেও মোদিকে তাঁর ‘অন্যতম ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করেছেন। এই চুক্তির মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক উত্তেজনার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি