ব্যাপক হতাহতের দাবি
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আফগান বাহিনী পাকিস্তানি সেনাদের ওপর আক্রমণ করার পর পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই চরম উত্তেজনা তৈরি হয়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ তার পোস্টে লিখেছেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বোচ্চ চেষ্টা করেছে। পূর্ণাঙ্গ কূটনীতি চালানো হয়েছে। কিন্তু আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন এটি আমাদের এবং তোমাদের (আফগানিস্তান) মধ্যে প্রকাশ্য যুদ্ধ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদির দাবি অনুযায়ী, পাকিস্তানি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত মোট ১৩৩ জন আফগান তালেবান নিহত এবং ২০০ জনেরও বেশি আহত হয়েছেন। তিনি জানান, শুক্রবার আফগানিস্তানের কাবুল, পাকতিয়া এবং কান্দাহারে পাকিস্তানের বড় ধরনের হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
তবে পাকিস্তানের এই দাবি নাকচ করে দিয়েছে আফগান তালেবান। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক পোস্টে লিখেছেন, পাকিস্তানের সবশেষ হামলায় কেউ আহত হননি। উল্টো পাল্টা হামলায় অর্ধশতাধিক পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে তালেবান। যদিও হতাহতের সংখ্যা নিয়ে দুই পক্ষের দাবির কোনোটিই নিরপেক্ষভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
এর আগে গত অক্টোবর মাসে উভয় দেশ একটি যুদ্ধবিরতিতে সম্মত হলেও সীমান্তে দফায় দফায় সংঘর্ষ অব্যাহত ছিল। সাম্প্রতিক এই সংঘাত ও যুদ্ধ ঘোষণার ফলে দুই দেশের সীমান্ত পরিস্থিতি এখন চরম অস্থিতিশীল হয়ে পড়েছে, যা আঞ্চলিক নিরাপত্তাকে বড় ধরনের ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে।
অপরাধ ও দুর্নীতি: লাঠি হাতে ভাইরাল রাকিব আসলে পলাতক খুনি
সারাদেশ: গজারিয়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক: আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা
নগর-মহানগর: এসি বিস্ফোরণে ভবনে আগুন, নারীসহ দগ্ধ ৩
অপরাধ ও দুর্নীতি: নতুন ডিএমপি কমিশনার মো. সরওয়ার