ইরানে যুদ্ধ শুরুর প্রাক্কালে মেয়েদের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলার ঘটনায় মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের কাছে ব্যাখ্যা দাবি করেছেন ডেমোক্র্যাট সিনেটররা। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটের প্রায় সব ডেমোক্র্যাট সদস্যের সই করা চিঠিতে মিনাব এলাকায় চালানো ওই হামলা নিয়ে প্রতিরক্ষা সচিবের কাছে বিস্তারিত প্রশ্ন রাখা হয়েছে। চিঠিতে প্রথমেই জানতে চাওয়া হয়েছে আসলে যুক্তরাষ্ট্রই এই হামলা চালিয়েছে কি না?
লক্ষ্যবস্তু নির্ধারণে কোনো পুরনো বা ত্রুটিপূর্ণ তথ্য ব্যবহারের কারণে এই বিদ্যালয়টি আক্রান্ত হয়েছে কি না, সে প্রশ্নও তুলেছেন সিনেটররা।
মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দেশটির সামরিক তদন্তকারীরা ধারণা করছেন এই হামলার পেছনে মার্কিন বাহিনীই দায়ী হতে পারে। তবে পেন্টাগন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে অভিযোগ করেছেন, ওইদিন মার্কিন বাহিনী একটি ‘টমাহক’ ক্রুজ মিসাইল ব্যবহার করে অত্যন্ত পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরান নিজেই এই হামলা চালিয়েছে।
তবে, যদি এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নিশ্চিত হয়, তবে এটি হবে গত কয়েক দশকে মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানে বেসামরিক নাগরিক হতাহতের অন্যতম বড় ঘটনা।
গত ২৮ ফেব্রুয়ারি সংঘটিত ওই হামলায় ১১০ জন শিশুসহ মোট ১৬৮ জন নিহত হয়েছে।
জাতীয়: মন্ত্রী হলেন আহমেদ আযম খান