ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতৃত্বে বড় পরিবর্তনের খবর সামনে এসেছে। দেশটির বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেছে বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এ সিদ্ধান্তের পেছনে প্রভাবশালী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) চাপ ছিল।
এ ঘটনায় ইরানের ক্ষমতার কাঠামোয় নতুন এক অধ্যায়ের সূচনা হলো বলে বিশ্লেষকদের ধারণা। দীর্ঘদিন ধরেই মোজতাবা খামেনির সম্ভাব্য উত্তরসূরি হওয়ার গুঞ্জন চলছিল। তবে আনুষ্ঠানিকভাবে তাঁকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করার খবর মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এসেছে, যা ভূরাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত প্রসঙ্গে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এখনো তাদের সবচেয়ে আধুনিক অস্ত্র ব্যবহার করেনি। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার (৩ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালিনিকের বরাত দিয়ে জানায়, এই চাপিয়ে দেওয়া যুদ্ধের জবাব শত্রুদের কল্পনার চেয়েও দীর্ঘ সময় ধরে দেওয়ার সক্ষমতা আমাদের রয়েছে।
তিনি আরও বলেন, যুদ্ধের একেবারে শুরুতেই সব আধুনিক অস্ত্র ব্যবহার করার ইচ্ছা ইরানের নেই। অর্থাৎ সংঘাত দীর্ঘায়িত হলে ইরান আরও শক্তিশালী সামরিক সক্ষমতা প্রদর্শন করতে পারে- এমন ইঙ্গিতই মিলছে তাদের বক্তব্যে।
বর্তমান পরিস্থিতিতে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। আঞ্চলিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই নেতৃত্ব পরিবর্তনের এই খবর আন্তর্জাতিক অঙ্গনে গভীর নজর কাড়ছে। বিশ্লেষকদের মতে, নতুন নেতৃত্বের অধীনে ইরানের কৌশল আরও আক্রমণাত্মক হবে নাকি কূটনৈতিক- সেটিই এখন দেখার বিষয়।
জাতীয়: বায়ু দূষণে শীর্ষে ঢাকা
আন্তর্জাতিক: দুবাইয়ে মার্কিন দূতাবাসে এবার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক: নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান
আন্তর্জাতিক: ইরানে হামলা, বিশ্বনেতারা কে কার পক্ষে
অর্থ-বাণিজ্য: এলএনজি কেনার জরুরি নির্দেশনা প্রধানমন্ত্রীর
আন্তর্জাতিক: বিশ্ববাজারে বেড়েই চলেছে জ্বালানির দাম