image

জাপানে তুষারপাত: তুষারের স্তূপ থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার, ৩০ জনের মৃত্যু

সংবাদ অনলাইন রিপোর্ট

জাপানে ভারী তুষারপাতে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে টোকিও থেকে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জানা যায়, গত দুই সপ্তাহে এই মৃতের তালিকায় ৯১ বছর বয়সি এক বৃদ্ধাও রয়েছেন, যার মরদেহ নিজ বাড়ির সামনে তিন মিটার উঁচু তুষারের স্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পুলিশ কর্তৃপক্ষ। তারা ধারনা করছেন, বাড়ির ছাদ থেকে তুষার ধসে পড়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে।

এদিকে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল আওমোরিতে বাসিন্দাদের সহায়তার জন্য কেন্দ্রীয় সরকার সেনা মোতায়েন করেছে। সেখানকার দুর্গম এলাকাগুলোয় এখনো প্রায় ৪ দশমিক ৫ মিটার তুষার জমে আছে।

অন্যদিকে, উদ্ধারকর্মীরা রাস্তা এবং বাড়িঘর থেকে তুষার সরাতে হিমশিম খাচ্ছেন উল্লেখ করে আওমোরির গভর্নর সোইচিরো মিয়াশিতা এক সংবাদ সম্মেলনে, জাপানি সামরিক বাহিনীকে দুর্যোগকালীন ত্রাণসহায়তার জন্য অনুরোধ করেন। এছাড়া ছাদ থেকে তুষার পড়া বা ভবন ধসে পড়ার মতো প্রাণঘাতী দুর্ঘটনার ঝুঁকি কাটেনি বলেও জানান তিনি।

এদিকে, তুষারপাতজনিত দুর্ঘটনা ও প্রাণহানি ঠেকাতে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।

দেশটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি বলেন, মূলত জাপান সাগর উপকূলজুড়ে শক্তিশালী শীতল বায়ুপ্রবাহের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ তুষার জমেছে।

উল্লেখ্য, প্রতি বছরই ডিসেম্বরের মাঝামাঝি থেকে মার্চ পর্যন্ত জাপাতে তুষারপাত হয়। তবে, এবার ৪০ বছরের রেকর্ড সর্বোচ্চ তুষারপাতের কবলে দেশটি। শেষবার ১৯৮৬ সালেও এমন তুষারপাত দেখেনি জাপান। সেবার দিনে সর্বোচ্চ ১৮১ সেন্টিমিটার পর্যন্ত তুষারপাতের সাক্ষী হলেও, এবার ভেঙে গেছে অতীতের সব রেকর্ড।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি