ট্রাম্পের সঙ্গে সংঘাত
গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তীব্র বিরোধের জেরে ডেনমার্কে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন। শুক্রবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি আগামী ২৪ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করেন।
প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, আগামী চার বছর ডেনমার্কের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভাগ্য নির্ধারক হতে যাচ্ছে।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড নিয়ে গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির পূর্ণ নিয়ন্ত্রণ বা মালিকানা নিতে চান। এমনকি লক্ষ্য অর্জনে তিনি প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের প্রচ্ছন্ন হুমকিও দিয়েছেন। ট্রাম্পের এমন অনড় অবস্থানের কারণে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বড় ধরনের ফাটল ধরেছে।
পার্লামেন্টে দেওয়া ভাষণে মেটে ফ্রেডেরিকসেন বলেন, ডেনিশ ও ইউরোপীয় হিসেবে আমাদের এখন নিজেদের পায়ে দাঁড়াতে হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে, তা নতুন করে সংজ্ঞায়িত করার সময় এসেছে।
তিনি আরও জানান, নিরাপত্তার বিষয়টি সবসময়ই ডেনমার্কের রাজনীতির মূল ভিত্তি ছিল এবং বর্তমান পরিস্থিতিতে তা আরও জোরালো হয়েছে। ট্রাম্পের হুমকির মুখে ডেনমার্ক ইতিমধ্যেই গ্রিনল্যান্ডে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে।
আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় যখন আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, তখন ট্রাম্পের একক আধিপত্যের আকাঙ্ক্ষা পরিস্থিতি জটিল করে তুলেছে। প্রধানমন্ত্রী ফ্রেডেরিকসেন তার জোট সরকারের অংশীদারদের উদ্দেশ্যে বলেন, আমি প্রধানমন্ত্রী হিসেবে থাকব কি না, তা নির্ভর করছে আপনারা সোশ্যাল ডেমোক্র্যাটদের কতটা শক্তিশালী ম্যান্ডেট দেবেন তার ওপর।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচন কেবল ডেনমার্কের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।
অপরাধ ও দুর্নীতি: লাঠি হাতে ভাইরাল রাকিব আসলে পলাতক খুনি
সারাদেশ: গজারিয়ায় মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক: আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের যুদ্ধ ঘোষণা
নগর-মহানগর: এসি বিস্ফোরণে ভবনে আগুন, নারীসহ দগ্ধ ৩
অপরাধ ও দুর্নীতি: নতুন ডিএমপি কমিশনার মো. সরওয়ার