ব্যাপক বিমান হামলার ঘোষণার পর রাজধানীতে বিস্ফোরণ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের চতুর্থ দিনে আবারও কেঁপে উঠল ইরানের রাজধানী তেহরান। দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, শহরের বিভিন্ন এলাকায় নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই বিস্ফোরণের ঘটনা ঘটে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইরানে ‘ব্যাপক বিমান হামলা’ শুরুর ঘোষণার পরপরই।
ইসরায়েল দাবি করেছে, ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান ছাড়াও গত রাতে দেশের বিভিন্ন স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাজধানীর কেন্দ্রস্থল ইনকিলাব স্কয়ারে অবস্থিত একটি পুলিশ স্টেশনেও হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, হামলার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) পাল্টা আঘাত হানার অঙ্গীকার করেছে। এক বিবৃতিতে তারা হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে- যা বিশ্ব জ্বালানি বাজারের জন্য বড় ধরনের হুমকি হিসেবে দেখা হচ্ছে। আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়ার সময় ১০টির বেশি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ হামলা শুরু করে। মার্কিন প্রেসিডেন্টের দাবি অনুযায়ী, ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদেরও প্রাণহানির খবর এসেছে।
এর জবাবে ইরান উপসাগরীয় কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরানে নিহতের সংখ্যা প্রায় ৮০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন আরও বহু মানুষ।
তেহরানে নতুন বিস্ফোরণের খবর এই সংঘাতকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। হরমুজ প্রণালী বন্ধের হুমকি বাস্তবায়িত হলে তার প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে।
রাজধানী কেঁপে ওঠার সঙ্গে সঙ্গে কূটনৈতিক অঙ্গনেও বাড়ছে চাপ- এই সংঘাত কি সীমিত সামরিক অভিযানে থামবে, নাকি রূপ নেবে আরও বড় আঞ্চলিক যুদ্ধে- সেই প্রশ্নই এখন বিশ্বরাজনীতির কেন্দ্রবিন্দু।
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দামে বড় পতন
জাতীয়: বায়ু দূষণে শীর্ষে ঢাকা
আন্তর্জাতিক: দুবাইয়ে মার্কিন দূতাবাসে এবার ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক: নতুন বিস্ফোরণে কেঁপে উঠল তেহরান
আন্তর্জাতিক: ইরানে হামলা, বিশ্বনেতারা কে কার পক্ষে