image
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেন লোকসভার স্পিকার ওম বিড়লা

প্রধানমন্ত্রীকে মোদীর চিঠি, দ্রুত দিল্লি সফরের আমন্ত্রণ

সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাঠানো চিঠি হস্তান্তর করেছেন দেশটির লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ওম বিড়লা।

পোস্টে তিনি লেখেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি গঠনমূলক বৈঠক শেষ করেছেন। এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে পাঠানো একটি ব্যক্তিগত চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করা হয়েছে। মোদির লেখা সেই চিঠিতে নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তারেক রহমানকে সুবিধাজনক ও যত দ্রুত সম্ভব ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

ওম বিড়লা তার দেওয়া পোস্টে আরও জানান, চিঠিতে ভারতের জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

বিকেলে বিএনপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা।অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ও নরেন্দ্র মোদির পাঠানো চিঠি হস্তান্তর করেন।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ জানান, ভারতের স্পিকার তারেক রহমানকে সেদেশে সফরের আমন্ত্রণ জানিয়েছেন। উভয় নেতা বাংলাদেশ ও ভারতের জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।

‘আন্তর্জাতিক’ : আরও খবর

সম্প্রতি