image

একসাথে তিন শত সাংবাদিক ছাঁটাই ওয়াশিংটন পোস্টে

সংবাদ অনলাইন রিপোর্ট

একসাথে তিন শত সাংবাদিক ছাঁটাই করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। স্থানীয় সময় গত বুধবার (৪ ফেব্রুয়ারি) অনেক কর্মীকে এ নোটিশ পাঠায় প্রতিষ্ঠানটি।

অভ্যন্তরীণ দুটি সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কোম্পানিটিতে প্রায় ৮০০ সাংবাদিকের মধ্যে ৩০০ জনেরও বেশি বাদ পড়েছেন। বিশেষ করে আন্তর্জাতিক ডেস্ক এবং স্পোর্টস ডেস্কে কর্মরত বিপুলসংখ্যক সাংবাদিক এই ছাঁটাইয়ের কবলে পড়েছেন।

এদিকে, বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন দীর্ঘ ১২ বছর ওয়াশিংটন পোস্টে চাকরিরত ভারতের কংগ্রেস সংসদ সদস্য শশী থারুরের ছেলে ঈশান থারুর। তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের চাকরি হারানোর খবরটি নিশ্চিত করেছেন। একটি খালি নিউজরুমের ছবি শেয়ার করে ঈশান লেখেন, ‘দিনটা খুব খারাপ।’ অন্য একটি পোস্টে তিনি উল্লেখ করেন যে অধিকাংশ আন্তর্জাতিক কর্মীদের ছাঁটাই করা হয়েছে এবং এই ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত।

অন্যদিকে, একই সঙ্গে ওয়াশিংটন পোস্টের দিল্লি ব্যুরোর প্রধান প্রাণশু বর্মাকেও ছাঁটাই করা হয়েছে। তিনি গত চার বছর ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন।

প্রসঙ্গত, এই গণছাঁটাইয়ের ঘটনায় মালিক জেফ বেজোসের তীব্র সমালোচনা করেছে ওয়াশিংটন পোস্ট গিল্ড। প্রতিষ্ঠানটির নির্বাহী সম্পাদক ম্যাট মারে এই পদক্ষেপকে ‘খুব কঠিন’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, ২০১৩ সালে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস সংবাদমাধ্যমটির মালিকানা নেওয়ার পর এটিই সবচেয়ে বড় ছাঁটাইয়ের ঘটনা।

‘মিডিয়া’ : আরও খবর

» রাজধানীতে গণমাধ্যম সম্মিলন শনিবার

» গণমাধ্যমে হামলার নিন্দা, দ্রুত তদন্তের দাবি : এমএফসি

সম্প্রতি