দুই তারকার দুই লক্ষ্য। ক্রিস্তিয়ানো রোনালদো ব্যস্ত চোট সারিয়ে আবার মাঠে ফিরতে। লিওনেল মেসির লক্ষ্য গোলে ফেরা। চোট সারাতে নিজের সংস্থার উপরেই ভরসা রেখেছেন রোনালদো। মেসি চান ৯০০ গোলের মাইলফলক ছুঁতে।
মেসির গোল উদযাপন
গত ২৮ ফেব্রুয়ারি সৌদির লীগে আল নাসরের হয়ে আল ফাইহার বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন রোনালদো। আপাতত মাদ্রিদে রয়েছেন তিনি। পেশির চোট থেকে সুস্থ হতে ক্রিও স্পোর্ট জুতো পরে রয়েছেন রোনালদো। এই জুতো তৈরি করেছে রোনালদোর সংস্থা ‘আভাসিআর৭’। ২০২২ সালে এই সংস্থায় বিনিয়োগ করেছিলেন পর্তুগালের ফুটবলার।
এই বিশেষ জুতা পরে নিজের ছবিও দিয়েছেন রোনারদো। গোটা পা ঢেকে রাখে এই জুতো। পেশির ফোলা ভাব কমায়। ফলে যন্ত্রণা কমে। হাওয়ার চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ করে এই জুতো। ভারতীয় মুদ্রায় এই জুতোর দাম ৫০ হাজার রুপি।
পেশির চোটের কারণে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে রোনালদোকে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আগামী ২৯ মার্চ মেক্সিকো ও ৩১ মার্চ আমেরিকার বিপক্ষে ম্যাচ রয়েছে পর্তুগালের। সেই দুই ম্যাচের আগে সুস্থ হতে চাইছেন রোনালদো। অন্য দিকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে গোলশূন্য ড্র করে মায়ামি। ৯০ মিনিট খেলেও গোল করতে পারেননি মেসি। তাকে কড়া নজরে রেখেছিল ন্যাশভিলের খেলোয়াড়রা। গত শনিবার মেজর লীগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে নিজের কেরিয়ারের ৮৯৯তম গোল করেছিলেন মেসি। কিন্তু ৯০০তম গোল এখনও অধরা তার। জুন মাসে ৩৯ বছর বয়স হবে মেসির। ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৬৭২, পিএসজির হয়ে ৩২ ও ইন্টার মায়ামির হয়ে ৮০ গোল করেছেন তিনি। পাশাপাশি আর্জেন্টিনার হয়ে ১১৫ গোল রয়েছে তার।
কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ ষোলোর ম্যাচে প্রথম পর্বে গোলশূন্য ড্র হয়েছে খেলা। আগামী বুধবার মায়ামির ঘরের মাঠে ফিরতি পর্ব। সেই ম্যাচে ৯০০ গোলের মাইলফলক ছুঁতে চান মেসি।
খেলা: এসএসপিএল ফিদে রেটিং দাবা