image

যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলাররা

সংবাদ স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপে ইরানের অংশগ্রহন নিয়ে যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেয়ার পর পাল্টা জবাব দিয়েছে পশ্চিম এশিয়ার দেশটিও। ইরানের জাতীয় ফুটবল দলের পক্ষে বলা হয়েছে, কেউ তাদের বিশ্বকাপের বাইরে বের করতে পারবে না। যুক্তরাষ্ট্রকেই বিশ্বকাপ থেকে বাদ দেয়ার দাবি তুলেছেন ইরানের ফুটবলারেরা।

প্রায় দু’সপ্তাহ ধরে ইরানে সামরিক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। পাল্টা জবাব দিয়ে চলেছে ইরানও। এর মধ্যেই গতকাল বৃহস্পতিবার ইরানের ফুটবলারদের প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট সমাজমাধ্যমে লেখেন, ‘বিশ্বকাপে ইরানের জাতীয় দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।’ উল্লেখ্য, এ বারের ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এই মন্তব্যের জবাব দিয়েছে ইরানও। ফুটবল দলের সমাজমাধ্যমের অ্যাকাউন্টে লেখা হয়েছে, ‘বিশ্বকাপ একটি ঐতিহাসিক এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা। এর নিয়ন্ত্রক সংস্থা ফিফা। কোনও ব্যক্তি বা দেশ নয়। ইরানের জাতীয় দল তার শক্তি এবং সাহসী ফুটবলারদের জন্য ধারাবাহিক ভাবে সাফল্য অর্জন করেছে। সে কারণে প্রতিযোগিতার যোগ্যতা অর্জনকারী দলগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে। কেউ ইচ্ছা হলেই ইরানকে বিশ্বকাপ থেকে বাদ দিতে পারে না। বাদ দিতে হলে এমন একটি দেশকে বাদ দেয়া উচিত, যারা শুধু আয়োজক। অথচ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে নিরাপত্তা দিতে পারে না।’ উল্লেখ্য, এশিয়ার অন্যতম সেরা দল হিসাবে গত বছর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ইরান। বিশ্বকাপের সূচি অনুযায়ী, গ্রুপ পর্বের ম্যাচগুলি তাদের খেলার কথা লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলে।

যুদ্ধ পরিস্থিতির কারণে পশ্চিম এশিয়ার আকাশ পথ বন্ধ। এ কারণে গত সপ্তাহে ইরানের প্রতিনিধি আটলান্টায় বিশ্বকাপের পরিকল্পনা বৈঠকে যোগ দিতে পারেননি। তারপর কয়েক দিন আগে ইরানের ক্রীড়ামন্ত্রী আহমেদ দোনিয়ামালি আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপের ইরানের অংশগ্রহণ অনিশ্চিত।’

ফিফা অবশ্য যোগ্যতা অর্জন করা সব দলকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের চেষ্টা চালাচ্ছে। যুদ্ধের আঁচ ফুটবলের উপর পড়তে দিতে চায় না ফিফা। গত মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দলের নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ করেন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্টকে।

পরে সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।’

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে কথা হয়েছে দু’জনের। পাশাপাশি ইরানের অংশগ্রহণ নিয়েও আলোচনা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, বিশ্বকাপে খেলতে আসার জন্য আমেরিকা স্বাগত জানাবে ইরানকে।’ ঠিক তার পর দিনই নিজেদের সিদ্ধান্তের কথা জানায় ইরান।

আগামী ১১ জুন থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এশিয়ার যোগ্যতা অর্জন পর্বে গ্রুপ এ-তে জয়ী দল হিসাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছিল ইরান। তাদের তিনটি ম্যাচই আমেরিকার মাটিতে। আগামী ১৫ এবং ২১ জুন তারা খেলতো লস অ্যাঞ্জেলেসে, যথাক্রমে নিউজিল্যান্ড এবং বেলজিয়ামের বিপক্ষে। আগামী ২৬ জুন মিশরের বিরুদ্ধে ম্যাচ ছিল সিয়াটলে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি