যশোরের চৌগাছায় পিতার কোদালের আঘাতে গুরুতর আহত ছেলের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার হামলার শিকার ছেলে তরিকুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নিহত তরিকুল ইসলাম (৩৫) চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় পিতা রবিউলকে আসামি করে চৌগাছা থানায় মামলা হয়েছে।
স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, বাড়ির সামনে তাদের একটি মুদি দোকান রয়েছে। গত ২০ জানুয়ারি ওই দোকানে অবস্থানকালে তরিকুল ইসলাম হঠাৎ ঘুমিয়ে পড়েন। এ সময় দোকানে থাকা ক্রেতারা অন্যত্র চলে যেতে থাকলে বিষয়টি দেখে ক্ষিপ্ত হন পিতা রবিউল ইসলাম। রাগের বশবর্তী হয়ে তিনি কোদালের আছাড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় ছেলের মাথায় আঘাত করেন। এতে তরিকুল ইসলাম গুরুতর আহত হন।
পরবর্তীতে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি রেজাউল করীম ঘটনা নিশ্চিত করে জানান, পিতার আঘাতে ছেলের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে।
অর্থ-বাণিজ্য: ভরিতে ৩ হাজার ২৩৬ টাকা বাড়লো সোনার দাম
অর্থ-বাণিজ্য: ঈদের ছুটিতে কাস্টম হাউসগুলো খোলা থাকবে