image

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকে পিটিয়ে হত্যা

সংবাদ অনলাইন রিপোর্ট

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ওসি সবজেল হোসেন। এ ঘটনায় শনিবার,(৩১ জানুয়ারী ২০২৬) দুপুরে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন নিহতের ছেলে। রূপগঞ্জ পৌরসভার নরাবটেক এলাকার আব্দুল খালেকের ছেলে নিহত আজাহার হোসেন পেশায় অটেরিকশা চালক আজাহার পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। আসামি ৪ জন - ত্রিশকাহনিয়া এলাকার মুগল খন্দকারের ছেলে রাজিব (৪৫), আলমগীর মোল্লার ছেলে হাসান (৩৫), টেকপাড়ার প্রয়াত আবু সাঈদের ছেলে মিলন (৪০) এবং চাঁদেরটেকের দারোগ আলীর ছেলে আবুল (৪২) যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। আসামিদের সঙ্গে আজাহারের পুরোনো বিরোধের কারণে গত শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে আজাহার একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাওয়ার সময় পথে তার ওপর হামলা চালিয়ে এলোপাতারি কিল-ঘুষি ও চড়-থাপ্পড় দেয়া হলে আজাহার জ্ঞান হারান। পরে আশপাশের লোকজন তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে মামলায় দাবি করেছেন নিহতের ছেলে মেহেদী হাসান। শনিবার বিকেল ৫টা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার না হলেও পুলিশ ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত করছে বলে জানান ওসি সবজেল হোসেন।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি