দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। গত শুক্রবার দুপুর ২টায় এ ইউনিটটি চালু করা হয়। ফলে পুরোদমে এ ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়। ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এ ইউনিট গত বছরের ১ ডিসেম্বর থেকে বাৎসরিক রক্ষণাবেক্ষণের জন্য বিদ্যুৎ উৎপাদন বন্ধ ছিল। এ কারণে বিদ্যুৎকেন্দ্রে থেকে ১৩২০ মেগাওয়াটের স্থলে ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতো।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (তদন্ত) শাহ মনি জিকো জানান, বাৎসরিক রক্ষণাবেক্ষণের জন্য গত ১ ডিসেম্বর বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার ইউনিট-১ বন্ধ করা হয়। বাংলাদেশ ও চায়নার প্রকৌশলীরা দুইমাস ধরে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করেছে। এ সময় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের অপারেশন ও মেইনটিনেন্স টিম এ কাজ তদারকি করে এবং বিদ্যুৎ কেন্দ্রেট ইউনিট-২ এর বিদ্যুৎ উৎপাদন সচল রাখে।
এদিকে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন দুই মাস বন্ধ থাকলেও কলাপাড়ায় নির্মিত অপর বিদ্যুৎকেন্দ্র আরএনপিএল ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক ছিল। এ কারনে কলাপাড়ার দুটি বিদ্যুৎকেন্দ্র থেকে বর্তমানে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। যদিও কলাপাড়ার দুটি বিদ্যুৎকেন্দ্রে ২৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।