আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রখে মানিকগঞ্জের ১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনটিতে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এস এ জিন্নাহ কবির ব্যাপক গণসংযোগ, পথসভা, উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। তিনি দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনটি উপজেলার নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ইতোমধ্যে তিনি দৌলতপুর, উপজেলা ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত ৪টি ইউনিয়নের লোকজনের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন সভা, সমাবেশ করেছেন। ঘিওর ও শিবালয়ের বিভিন্ন এলাকায় তিনি গণসংগোগে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন, পাড়া মহল্লায় ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চলছে পুরোদমে। পুরুষের পাশাপাশি নারি কর্মীরাও ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করছেন।
বিএনপি প্রার্থী এস এ জিন্নাহ কবির ধানের শীষ প্রতীক নিয়ে জয়ের জন্য দিনরাত প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। সময় যত ঘনিয়ে আসছে ভোটাররা নানা ধরনের হিসাবনিকাশ করছেন। তিনটি উপজেলা নিয়ে গঠিত এ আসনে প্রার্থীদের এলাকাভিত্তিক ভোটের আঞ্চলিকতার হিসাবও রয়েছে। এবারের নির্বাচনে নানা বিধিমালা থাকার কারণে আগের মতো দেয়ালে দেয়ালে পোস্টার সাঠানো নেই। মাইকিং ও ব্যানার লাগানোর পাশাপাশি বাড়ি বাড়ি ঘুরে ভোট প্রার্থণা করছেন প্রার্থী ও তার কর্মী-সমর্থকরা।
বিএনপির প্রার্থী এস এ জিন্নাহ কবীর বলেন, এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৬২৮জন ভোটার রয়েছেন। তিনটি উপজেলাতে ধানের শীষের ভোটার আছে প্রায় ৭০ শতাংশ। কাজেই ধারেন শীষের কাছে অন্য কোন প্রার্থী ধারেকাছেও আসতে পারবে না। নির্বাচনে ধানের শীষে ভোট দেয়ার জন্য এলাকার হাজার হাজার ভোটাররা মুখিয়ে আছেন।
এ আসনে মোট ৭ জন প্রার্থী নির্বাচনের মাঠে রয়েছেন। তারা হলেনÑ এস এ জিন্নাহ কবীর, জামায়েতে ইসলামীর প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক, বিএনপি বিদ্রোহী প্রার্থী তোজাম্মেল হক তোজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খোরশেদ আলম, গণঅধিকার পরিষদের মোহাম্মদ ইলিয়াছ হুসাইন, জনতার দলের মোহাম্মদ শাহজাহান খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী বেপারী।