image
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : থোকায় থোকায় ঝুলে আছে টমেটো -সংবাদ

শাহজাদপুরে টমেটোর বাম্পার ফলন, লাভবান প্রান্তিক কৃষক

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

শাহজাদপুর উপজেলায় টমেটো চাষ করে ভাগ্যের পরিবর্তন হয়েছে প্রান্তিক  কৃষকদের। ধান, গম ও সরিষা চাষের পাশাপাশি টমেটো চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। এদিকে ফলন ভালো হওয়ায় ও বাজারে ভালো দাম পাওয়ায়  কৃষকেরা  টমেটো চাষে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এর ফলে টমেটো চাষে  আগ্রহী হয়ে উঠেছেন এলাকার কৃষকেরা।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে জানা গেছে, কৃষকেরা প্রতি বিঘা  জমি ২০ হাজার টাকায় বর্গা নিয়ে টমেটো চাষ করেছেন। এক বিঘা থেকে তিন বিঘা পর্যন্ত জমি বর্গা নিয়ে টমেটো চাষ করেছেন তারা । কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রতি বিঘা জমিতে ২ হাজার টমেটোর চারা রোপণ করে চাষাবাদ শুরু করা হয়েছে। চারা রোপণের ৪ মাসের মধ্যেই ফলন পাওয়া যাচ্ছে। স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর বি এল ৬৪২, বাহুবলি, বিউটি প্লাস ও? বিপুল প্লাস জাতের উন্নত মানের টমেটো চাষ করেছেন এলাকার কৃষকেরা।

উপজেলা গাড়াদহ গ্রামের কৃষক  মেহেদী হাসান জানান, কৃষি অফিসের পরামর্শে গত বছর অল্প জমিতে টমেটো চাষ করে ভালো লাভবান হয়েছেন। তাই তিনি চলতি বছর দুই বিঘা জমি বর্গা নিয়ে টমেটো চাষ করেছেন। অন্যদিকে মশিপুর মাদারপাড়া গ্রামের কৃষক আলাউদ্দিন জানান,  ১ বিঘা জমি বর্গা নিয়ে তিনি টমেটো চাষ করেছেন। একই গ্রামের ও জহুরুল ইসলাম জনান, তিনি ৩ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর টমেটোর বাম্পার ফলন হয়েছে। প্রতি বিঘা জমিতে এক মন (৪০ কেজি হিসেবে) থেকে দেড় মন টমেটো উৎপাদন হবে বলে তারা আশা করছেন। বাজারে টমেটোর ব্যাপক চাহিদা থাকায় উৎপাদন ব্যয় বাদ দিয়ে প্রতি বিঘা জমির টমেটো বিক্রি করে লক্ষাধিক টাকা আয় হবে বলে কৃষকেরা জানান। ইতোমধ্যেই উৎপাদিত টমেটো বিক্রি শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিক্রি চলবে। বর্তমানে প্রতি মণ টমেটো (৪০ কেজি) আকার অনুযায়ী পাইকারি ১২শ টাকা থেকে ১৪শ টাকা দরে বিক্রি হচ্ছে।  ঢাকা থেকে পাইকাররা এলে দাম আরও বেশি পাওয়া যাবে বলে তারা জানান। অন্যদিকে ব্রজবালা গ্রামের কৃষক নূরনবী জানান, তিনি ১ বিঘা জমিতে টমেটো চাষ করেছেন। তিনি জানান, বর্গার টাকাসহ প্রতি বিঘা জমিতে টমেটো চাষে ৫০ থেকে ৬০ হাজার টাকা ব্যয়  হয়েছে। বর্তমান বাজার ঠিক থাকলে উৎপাদিত টমেটো বিক্রি করে লক্ষাধিক টাকা আয় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে গতকাল শনিবার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ২০২৫-২৬ অর্থ বছরে উপজেলায় ২৫ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। এরমধ্যে উপজেলার মশিপুর ব্লকে ৪ হেক্টর জমিতে বিএল ৬৪২ ও বাহুবলি জাতের টমেটো চাষ করা হয়েছে। উপজেলার সবজি গ্রামখ্যাত গাড়াদহ ইউনিয়নের  জমিতে তুলনামূলক বেশি  টমেটো চাষ করা হয়েছে। তিনি জানান, শীতকালীন সবজি টমেটো চাষে কৃষকদের উৎসাহ ও সহায়তা প্রদান করতে মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি অফিসাররা প্রতিনিয়ত কৃষকদের মোটিভেট করছেন। চলতি বছর বাজার মূল্য ভালো থাকায় টমেটো চাষ করে এলাকার কৃষকেরা লাভবান হচ্ছেন। কৃষি অফিসার আরো  জানান, অল্প খরচে অধিক মুনাফা অর্জিত হওয়ায় ধান, গম ও সরিষার পাশাপাশি টমেটো চাষে এলাকার কৃষকদের উদ্ধুদ্ধ করা হচ্ছে।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি