বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী ৪ আসনে ধানের শীষের প্রার্থী মো. শাহজাহান বলেছেন, বিএনপিকে খাটো করার জন্য নানা অপচেষ্টা চালানো হচ্ছে। আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে। তবে সেই সময়কে পুঁজি করে কিছু লোক লুটপাটে জড়িয়ে পড়েছে, সরকারি অফিস-আদালতে মব সৃষ্টি করে কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিয়েছে।
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কথা বেশি বলবেন না। সময় যখন আসবে, সেই টাকার হিসাব কড়ায়-গ-ায় বুঝে নেওয়া হবে। শালীনতা বজায় রেখে সংযত আচরণ করুন, নিজেকে বাহাদুর ভাববেন না, নোয়াখালীর মানুষ এত দুর্বল নয়। গত শুক্রবার সন্ধ্যায় নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এম.এ রশিদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।