নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচির তালিকায় নাম আগে-পরে দেওয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এক যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত । গত শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজহার উদ্দিন কাঞ্চন পৌরসভার নরাবো এলাকার বাসিন্দা ও আব্দুল খালেকের ছেলে। তিনি কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতির দায়িত্বে ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, শনিবারের একটি দলীয় কর্মসূচিকে সামনে রেখে গত শুক্রবার সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি প্রস্তুতি সভায় বসেন। সভাকালে কর্মসূচির তালিকায় নামের অবস্থান নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজের সঙ্গে যুবদল কর্মী রাজিব হোসেনের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বাগবিতণ্ডা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় রাজিব হোসেনের সহযোগী হাসানসহ কয়েকজন উত্তেজিত হয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ, সিনিয়র সহসভাপতি আজহার উদ্দিন, যুবদল নেতা রিপন ও এমরাতকে মারধর করেন। মারধরের একপর্যায়ে রাজিবের ঘুষিতে গুরুতর আহত হয়ে আজহার উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন।
পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আজহারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাঞ্চন পৌর বিএনপির নেতারা নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের লাশের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।