আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে।একই দিনে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জনের মধ্য দিয়ে বিজিবি তাদের সক্রিয় ও দায়িত্বশীল অবস্থান আরও স্পষ্ট করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া এক প্রেস রিলিজে দক্ষিণ পশ্চিম রিজিয়ন,যশোরের অধীন মহেশপুর ব্যাটালিয়ন এসব তথ্য জানায়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন ও সরকারের সকল নির্দেশনা অনুসরণ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ বিজিবি।ঝিনাইদহ ও মাগুরা জেলার বিভিন্ন উপজেলায় ইতোমধ্যে বিজিবি সদস্য মোতায়েন শুরু হয়েছে। দায়িত্বপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ স্থান ও ভোটকেন্দ্র চিহ্নিত করে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে,যাতে ভোটাররা শান্ত ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।এদিকে একই দিনে মহেশপুর সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে বড় সাফল্য পায় বিজিবি। মহেশপুর থানার নেপা ইউনিয়নের খোশালপুর বাজার সংলগ্ন এলাকায় বিশেষ টহল দল অভিযান চালিয়ে ভারত পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৪টি স্বর্ণের বার ও একটি স্বর্ণের টুকরাসহ মো. ফয়সাল হাসান শিশির (২৬) নামের এক ব্যক্তিকে আটক করে।