নরসিংদীর রায়পুরা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ চিহ্নিত ৩ মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল শনিবার রাত সাড়ে ৮টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন- রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা (মাঝের বাড়ি) গ্রামের কামাল মিয়ার ছেলে কাজল ওরফে সুজন মিয়া (২৭), ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর গ্রামের জসিম ভূঁইয়ার ছেলে মহসিন ভূঁইয়া (৩৭) ও একই উপজেলার সেনারবদি গ্রামের সোহাগ মিয়ার ছেলে সবুজ মিয়া (২২)। এ সময় কাজল ওরফে সুজন মিয়ার কাছ থেকে আড়াইশ পিস ইয়াবা এবং মহসিন ও সবুজ মিয়ার কাছ থেকে ত্রিশ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি ওসি জানান, গতকাল শনিবার বিকেলে উপপরিদর্শক মো. জামিরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক দিপক কুমারের নেতৃত্বে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাপমারা এলাকায় অভিযান পরিচালনাকালে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী কাজল ওরফে সুজন মিয়াকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হন।
ডিবির একই দল একই দিনে আরেক অভিযানে রায়পুরা উপজেলার আলগী বড়হাটির নৌকাঘাট হতে ৩০ কেজি গাঁজাসহ মহসিন ও সবুজ নামে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এ বিষয়ে রায়পুরা থানায় মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।