কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার উপজেলার ভাদিয়ালী সীমান্ত থেকে এসব ওষুধ জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার মাদরা বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ওষুধগুলো উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত ওষুধের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ওষুধগুলো জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামাল সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেয়া হয়েছে।