মানিকগঞ্জে ১০ দফা দাবি আদায়ে ডিপ্লোমা প্রকৌশলীদের মানববন্ধন

প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে ডিপ্লোমা প্রকৌশলীদের ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন শহীদ রফিক চত্বরে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মানববন্ধনে ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা প্রকৌশলীরা অংশ নেন।

এই সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জের গণপূর্ত বিভাগের সহকারী প্রকৌশলী শেখ মো. রোকনুজ্জামান, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ফারুক হোসেন, ২০২২-২৩ সেশনের শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। শিক্ষা, চাকরি ও পদোন্নতির ক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়ায় প্রকৌশল খাতে অসন্তোষ বাড়ছে। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

তাদের উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছেÑ দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম ৩৩ শতাংশ আসনে ভর্তি নিশ্চিত করা, তিন বছর অভিজ্ঞতাসম্পন্ন ডিপ্লোমা প্রকৌশলীদের ৯ম গ্রেডে আবেদন করার সুযোগ পুনর্বহাল, সরকারি সংস্থার ১০ম গ্রেডের পদে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদনাধিকার নিশ্চিত করা এবং পরিচয় ব্যবহারে ডিপ্লোমা ও ডিগ্রি প্রকৌশলীদের সমতা প্রতিষ্ঠা।

এছাড়া আইইবি ও ইঅঊঞঊ-এর একচ্ছত্র নিয়ন্ত্রণ বন্ধ করে সরকারিভাবে কারিকুলাম ও মেম্বারশিপ ব্যবস্থাপনার দাবি, ক্রেডিট আওয়ারের ভিত্তিতে ইঞ্জিনিয়ারিং ও জেনারেল সার্টিফিকেটের ন্যায্য সমতা নির্ধারণ এবং আইডিইবি ও কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের সব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। পরে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি