image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

টাঙ্গাইলের ঘাটাইলে নির্বাচনী পথসভায় ভোট বিক্রি করলে আবারও সন্তানহারা হবেন -আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজস্ব বার্তা পরিবেশক, টাঙ্গাইল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা দেখেছি গত ১৬ বছর কীভাবে আপনার পরিবার এবং আপনার দলকে নির্যাতন করা হয়েছে। এসব যদি ভুলে যান তাহলে আবারও বিপদ অপেক্ষমাণ। তখন আর আমরা আপনাদের পাশে থাকব না।

গত শনিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ১১ দলীয় ঐক্যজোট মনোনীত প্রার্থী সাইফুল্লাহ হায়দারের (শাপলা কলি) প্রতীকের নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ভারত আমাদের অবদমিত করে রাখতে চায়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই আগ্রাসী মনোভাবের দরজা ভেঙে ফেলা হয়েছে। এই পথসভা কেবল একটি নির্বাচনী প্রচারণা নয়। এটি ঘাটাইলের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের সংহতি সমাবেশ। আমরা বিশ্বাস করি ১১ দলীয় ঐক্যজোটের এই জোয়ার ব্যালটের মাধ্যমে প্রতিফলিত হবে। আমরা আমাদের ইশতেহারে বলেছি, সামরিক বাহিনীর মতো বেসামরিক পর্যায়ের তরুণ প্রজন্মকে প্রশিক্ষণের ব্যবস্থা করে আমরা নিজেরা আরও শক্তিশালী হব।

তিনি আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ জাতীয় পর্যায়ে ১১ দলীয় জোটের সৃষ্টি হয়েছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের নিশ্চয়তা নিরে আমরা নির্বাচনি ইশতেহার ঘোষণা দিয়েছি। পাশাপাশি শাপলা গণহত্যা ও বিডিআর গণহত্যার বিচার আমরা এ দেশেই সম্পন্ন করব ইনশাআল্লাহ।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভোটারদের সচেতন করে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নগদ টাকা দেয়া হচ্ছে। এই টাকার বিনিময়ে যদি আপনারা বিক্রি হন তাহলে আগামীতে আপনারা আবারও সন্তান হারা, বাবা হারা অথবা স্বামী হারা হবেন। আপনারা ভোট বিক্রি করলে গণভোট আমাদের পরবর্তী প্রজন্মের ভাগ্য নির্ধারণ করবে। একটি রাজনৈতিক দল বলছে কৃষকদের ঋণ মওকুফ করে দেবে। কৃষক কার্ড দেবে। বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে। তাই আগামীর দেশকে সুন্দর, স্বচ্ছ ও ইনসাফের দেশ গড়তে হ্যাঁ ভোটের বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ঘাটাইলবাসীকে গণভোটে ‘হ্যাঁ’ এবং শাপলাকলি প্রতীকে ভোট দিয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

নির্বাচনী পথসভায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ এ সময় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ হোসনি মোবারক বাবুল ও ১১ দলীয় ঐক্য জোটের অন্যান্য স্থানীয় নেতারা।

‘সারাদেশ’ : আরও খবর

সম্প্রতি