হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দীর্ঘদিন ধরে জবরদখলে থাকা সরকারি খাসজমির একটি অংশ উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। এ পদক্ষেপে স্থানীয় জনগণের চলাচলের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১টার দিকে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে কারখানা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা এবং জেলা উচ্ছেদ মামলা নং ৩/২৪-২৫ এর আদেশ অনুযায়ী কারখানা মৌজার জে.এল নং ৪৩-এর ১নং খাস খতিয়ানের ৩০২ নং দাগভুক্ত জমিতে অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীর অপসারণ করা হয়।
বুলডোজারের সহায়তায় পরিচালিত অভিযানে প্রায় ১২ শতক সরকারি ভূমি দখলমুক্ত করা হয়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে উচ্ছেদ কার্যক্রম সম্পন্ন হয়। পরে উদ্ধারকৃত জমি হবিগঞ্জ জেলা প্রশাসকের পক্ষে ইনাতগঞ্জ ভূমি উপসহকারী কর্মকর্তার নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে পুলিশের একটি দল এবং বাংলাদেশ সেনাবাহিনীর নবীগঞ্জ ক্যাম্পের সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রভাবশালী মহলের দখলের কারণে দীর্ঘদিন ধরে ওই এলাকায় চলাচলে চরম দুর্ভোগ ছিল। অবৈধ স্থাপনার কারণে পথ সংকুচিত হয়ে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে বিঘœ ঘটত। প্রশাসনের এ উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, ‘সরকারি জমি দখল করে কেউ পার পাবে না। জনস্বার্থে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তবে অভিযানের পর প্রশাসন চলে যাওয়ার পর স্থানীয়ভাবে অভিযোগ ওঠে, রাস্তার মাঝখানে বাঁশের বেড়া দিয়ে পুনরায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।
সংশ্লিষ্ট মহলের মতে, সরকারি সম্পত্তি রক্ষা ও জনস্বার্থ নিশ্চিত করতে নিয়মিত উচ্ছেদ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আন্তর্জাতিক: পশ্চিম তীরে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল
আন্তর্জাতিক: ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ: মেদভেদেভ
আন্তর্জাতিক: তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন