কুষ্টিয়ার দৌলতপুরে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবাদেরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মো. আজিজুল (৩০)। তিনি ইসলামপুর এলাকার তায়েজ উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আজিজুল দীর্ঘদিন ধরে অস্ত্র ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
বিজিবি সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে বিজিবি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বাগোয়ান কেসিভিএন মাধ্যমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে আজিজুলের কাছ থেকে একটি পিস্তল, একটি দেশীয় শুটার গান, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার ৪০০ টাকা বলে জানায় বিজিবি।
পরে উদ্ধারকৃত অস্ত্রসহ আটক ব্যক্তিকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিজিবির অভিযানে আটক আসামিকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, নির্বাচনী সহিংসতা এড়াতে বিজিবি অস্থায়ী ক্যাম্প স্থাপনসহ সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় দুটি অস্ত্রসহ একজন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদক ও অস্ত্র পাচারসহ সব ধরনের চোরাচালান এবং অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সীমান্ত এলাকায় যেকোনো অপরাধ দমনে ভবিষ্যতেও বিজিবির কঠোর ও কার্যকর অভিযান অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক: পশ্চিম তীরে বেদুইন সম্প্রদায়কে উচ্ছেদ করছে ইসরায়েল
আন্তর্জাতিক: ইউক্রেনে রাশিয়াকে পরাজিত করতে ব্যর্থ ইউরোপ: মেদভেদেভ
আন্তর্জাতিক: তুরস্কে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ৩০
অর্থ-বাণিজ্য: ১০০ টাকার প্রাইজবন্ডের ড্র
অর্থ-বাণিজ্য: চার মাস পর ডিএসইতে ৭০০ কোটি টাকার বেশি লেনদেন